মানুষের নিরাপত্তা নেই: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে গুম-খুন চলছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। দেশের সব মানুষ নির্যাতিত-নিপীড়িত। এ অবস্থায় অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে মিলনায়তনে এক যৌথ সভা শেষে ফখরুল এসব কথা বলেন। শ্রমিক দিবসের সমাবেশকে সামনে রেখে ওই যৌথ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামী ১ মের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের অন্যায়, অত্যাচারের মধ্যেও এই সমাবেশ করা হচ্ছে। তিনি সবাইকে সমাবেশ সফল করার আহ্বান জানান।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, ১ মে শ্রমিক দলের আয়োজনে সমাবেশ হবে বিএনপির সর্বকালের সবচেয়ে বড় সমাবেশ। তিনি মহানগরের নেতা-কর্মীদের সমাবেশ সফল করার আহ্বান জানান। তিনি দাবি করেন, দেশে গণতন্ত্র নেই। বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা গণতন্ত্রের লেবাসে গুম-খুন করে ক্ষমতায় টিকে আছে। গত জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন, উপজেলা ও সর্বশেষ ইউনিয়র পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারি দলের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভোট ডাকাতির নির্বাচন কেউ গ্রহণ করেনি।

যৌথ সভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, অর্থনৈতিক-বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।