জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সরকার মানুষের বাক্শক্তি কেড়ে নিয়েছে। চারদিকে দুর্নীতি ও লুটপাট চলছে। মানুষ এই অবস্থার পরিবর্তন চায়। খুন, গুম ও হত্যার রাজনীতি দেখতে চায় না মানুষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে একটি সম্মেলন কেন্দ্রে মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, বিএনপি এখন কফিনে ঢুকে গেছে। তারা আন্দোলনের ডাক দিলে লোকজন রাস্তায় নামে না। তাদের সব আন্দোলন ব্যর্থ হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপের সমালোচনা করে এরশাদ বলেন, অভিভাবকেরা অনেক কষ্টে তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া করাচ্ছেন। অথচ সরকার শিক্ষার ওপর ভ্যাট বসিয়েছে। কিন্তু ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি লুটপাট হচ্ছে। তার কোনো খবর নেই। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকের লুটপাটের বিচার হচ্ছে না। বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে বাদ দিয়ে চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হয়েছে। কেন তাঁকে বাদ দেওয়া হয়েছে?
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ জিয়াউদ্দিন আহমেদ, সালমা ইসলাম, পীর ফজলুর রহমান, নোমান মোহাম্মদ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গণতন্ত্র আজ বিপন্ন। জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে নেতা-কর্মীদের কাজ করতে হবে।
জিয়াউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের শান্তি দিতে ব্যর্থ হয়েছে।
সম্মেলনের পর মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবে মাহজাবীন মোরশেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে এয়াকুব হোসেনের নাম ঘোষণা করা হয়। কমিটির বাকি সদস্যের নাম পরে ঘোষণা করা হবে বলে প্রথম আলোকে বলেন মাহজাবীন মোরশেদ।