মানুষের মনে শান্তি নেই : অলি আহমদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, মানুষের মনে শান্তি নেই, স্বস্তি নেই, যাওয়ার কোনো জায়গা নেই। শুধু পকেটে কিছু টাকা আর পেটে ভাত থাকলে হয় না, প্রয়োজন মানসিক শান্তি এবং দেশে শান্তি। তাই প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে, অস্বস্তিকর অবস্থা থেকে পরিত্রাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে।

আজ সোমবার সকালে গণতান্ত্রিক মহিলা দলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাখালীতে এক আলোচনা সভায় অলি আহ​মদ এ কথা বলেন। তিনি বলেন, দেশে আজ চরম অরাজকতা বিরাজ করছে, যত্রতত্র প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চলছে। গোলাগুলি, গুম, গুপ্তহত্যা, সরকারি জমি দখল, ফুটপাত দখল নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

বিএনপির সাবেক এই নেতা বলেন, এ ধরনের অবস্থা দেখার জন্য মানুষ মুক্তিযুদ্ধ করেনি। সবার উচিত দেশের মানুষকে সঙ্গে নিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করা, সুশাসন নিশ্চিত করা; দেশকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। উন্নয়নমূলক কর্মকাণ্ড কখনো ‘গণতন্ত্র ও সুশাসনের’ বিকল্প নয়।

গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি অধ্যাপক কারিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলডিপির যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ, তমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক, প্রচার সম্পাদক বেলাল মিয়াজি, তথ্য ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান।