মান্না 'অসুস্থ', গণমিছিল 'স্থগিত'

‘শান্তি ও সংলাপ’-এর দাবিতে নাগরিক ঐক্যের পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি আকস্মিকভাবে ‘স্থগিত’ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সংগঠনটির নেতা–কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করলেও শেষ মুহূর্তে পূর্বঘোষিত গণমিছিল করা থেকে সরে আসেন তাঁরা।
গতকাল রোববার সংগঠনটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের অডিও গণমাধ্যমে ফাঁস হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁদের পূর্বনির্ধারিত গণমিছিল হবে কি না, তা নিয়ে জনমনে সংশয় ছিল।
আজ দুপুরে মিছিল–পূর্ব সমাবেশ থেকে বলা হয়, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন গণমিছিলে নেতৃত্ব দেবেন এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু দুজনের কেউই শেষ পর্যন্ত সেখানে যাননি।
নাগরিক ঐক্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অসুস্থতার কারণে মান্না সেখানে উপস্থিত হতে পারেননি।
পূর্বঘোষণা অনুযায়ী, আজ দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে নাগরিক ঐক্যের গণমিছিল বের করার কথা ছিল। এ উপলক্ষে নাগরিক ঐক্য ও ছাত্রঐক্যের নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে উপস্থিত হন। বেলা সাড়ে তিনটার দিকে মিছিল–পূর্ব সমাবেশ থেকে ঘোষণা করা হয়, ড. কামাল হোসেন গণমিছিলের নেতৃত্ব দেবেন ও মাহমুদুর রহমান মান্না উপস্থিত থাকবেন।
তবে ৩টা ৫০ মিনিটে ছাত্রঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান হঠাৎ করে ঘোষণা দেন, ‘অনিবার্য কারণবশত আজকের গণমিছিল স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আমরা মিছিলের সময় জানিয়ে দেব। তবে আমরা এখান থেকে একটি মিছিল নিয়ে তোপখানায় আমাদের কার্যালয় পর্যন্ত যাব।’ পরে সেখান থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের উল্টোদিকে ২২/১, তোপখানা রোডে অবস্থিত নাগরিক ঐক্যের কার্যালয়ে যান নেতা-কর্মীরা।
মাহমুদুর রহমান মান্না কেন উপস্থিত হননি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কার্যালয়ে ছাত্রঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান বলেন, অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
সাড়ে তিনটার দিকে ঘোষণা করা হলো মান্না আসবেন, কিন্তু এর কিছুক্ষণ পরই আবার ঘোষণা করা হলো তিনি আসবেন না, এর কারণ কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘আমি এখন সুস্থ আছি। ১০ মিনিট পরে তো আমিও অসুস্থ হয়ে যেতে পারি। আপনারা তাঁর সঙ্গে ফোনে কথা বলেন।’
ফোনালাপ ফাঁসের কারণে কি মাহমুদুর রহমান মান্না উপস্থিত হননি? এমন প্রশ্নের জবাবে ছাত্রনেতা নাজমুল বলেন, ফোনালাপের বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ কারণে তিনি (মান্না) উপস্থিত হননি, তা সঠিক নয়। ফোনালাপের ইস্যু তৈরি করে তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন নাজমুল।
বিকেল সাড়ে চারটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নাগরিক ঐক্যের কর্মীরা তোপখানায় তাঁদের কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। তবে শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে সেখানে দেখা যায়নি।
এদিকে ‘গণমিছিল’ কর্মসূচির নির্ধারিত সময়ের আগে রমনা বিভাগীয় পুলিশের সহকারী কমিশনার শিবলী নোমান প্রথম আলোকে জানান, নাগরিক ঐক্যের গণমিছিল কর্মসূচি পালনের জন্য পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। পুলিশ এর অনুমতি দিয়েছিল।