মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গতকাল শনিবার দেখতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা ১১টার দিকে ৩০২ নম্বর কেবিনে চিকিৎসাধীন মান্নাকে দেখতে ফুলের তোড়া নিয়ে যান মির্জা ফখরুল। তিনি মান্নার স্বাস্থ্যের খোঁজখবর নেন। ফখরুলের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া গতকাল দুপুরের দিকে মান্নাকে দেখতে হাসপাতালে যান জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া।
এর আগে গত শুক্রবার মান্নাকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের প্রায় ২২ মাস পর ১৮ ডিসেম্বর জামিনে মুক্ত হন মান্না। পরে তিনি চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তি হন।
মান্নাকে দেখে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে তিনি একটু ভিন্নভাবে দেখছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি যে ‘সংগ্রাম’ করছে, সেই সংগ্রামের আংশিক বিজয় হয়েছে। তবে এই নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়েছে বলে মনে করেন না তিনি। তিনি বলেন, বাহ্যিকভাবে ভোট গ্রহণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ছিল। তারপর কী হয়েছে সেটা তাঁরা জানেন না। এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। বিএনপির পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।