মান্নানের জামিন বাতিলের আবেদন করবে দুদক
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদনের চিন্তা করছে দুদক। আজ মঙ্গলবার দুপুরে নিজ কক্ষে চেয়ারম্যান মো. বদিউজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মান্নান খানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা দায়ের করে দুদক। পরে গত রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মান্নান খান। শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় ১৩ অক্টোবর পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘ঢাকা মহানগর হাকিম আদালত থেকে তিনি (মান্নান খান) জামিন নিয়েছেন। আমরা উচ্চ আদালতে তাঁর জামিন বাতিলের জন্য আপিল করব।’
তিনি বলেন, এ নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে বলাও হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক এই প্রতিমন্ত্রী দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে চার লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের উেসর সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৭৫ লাখ ৪ হাজার ২৬২ টাকার সম্পদও অর্জন করেছেন।