মান্নার মুক্তি ও প্রচারণার সুযোগ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে মুক্তি দিয়ে সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের কর্মীরা।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় এই দাবি জানানো হয়। ‘স্বাধীনতার চেতনা: গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এই সভার আয়োজন করে নাগরিক ঐক্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সভাপতি আ স ম আবদুর রব অভিযোগ করে বলেন, দেশে যেন তৃতীয় আর গণতান্ত্রিক কোন শক্তি গড়ে উঠতে না পারে, সে কারণেই মান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘দুই জোটের বাইরে গণতান্ত্রিক একটি বিকল্প শক্তি গড়ে তোলার জন্য আমরা কাজ করছিলাম। আমরা চেয়েছিলাম, হরতাল-অবরোধের রাজনীতি হবে না। মানুষ পোড়ানো, গুম-ক্রসফায়ারের রাজনীতি হবে না। কিন্তু সেটি যেন হতে না পারে, সে কারণেই মান্নাকে গ্রেপ্তার করা হলো।’
আ স ম আবদুর রব বলেন, মান্নার যে টেলিফোন আলাপ সেটি তো তিনি অস্বীকার করেননি। আর সেখানে তো কোনো ষড়যন্ত্র নেই। সে যা বলেছে দেশের প্রায় সব মানুষই এই ভাষায় কথা বলে। কিন্তু মান্না যাতে নির্বাচন করতে না পারে সে কারণেই মামলা দেওয়া হয়েছে। এই মামলা মিথ্যা প্রমাণিত হবে।
গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, একসময়ে বাংলাদেশ ছিল সুখী দেশ। কিন্তু আজকে আমরা অসুখী দেশের তালিকায়। জাতিকে আজ বোবায় ধরেছে। আমরা আজ কোনো কিছুর প্রতিবাদ করছি না। পুড়িয়ে মানুষ হত্যা করা যেমন অন্যায়, ক্রসফায়ারে মানুষ হত্যাও অন্যায়।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, কথায় কথায় রাষ্ট্রদোহিতার মামলা হচ্ছে। পটুয়াখালীতে নির্মমভাবে একজন সাংবাদিককে নির্যাতন করা হচ্ছে। ড. ইউনূস বিদেশে বক্তৃতা দিয়ে যে টাকা আয় করে মানুষের মধ্যে দান করেছেন, সেই টাকার কর চাওয়া হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের জ্যেষ্ঠ নেতা ফজলুল হক। আরও বক্তব্য দেন (জাসদ-রবের) সাধারণ সম্পাদক আবদুল মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, নাগরিক ঐক্যের নেতা আবু বকর সিদ্দিক, শহিদুল্লাহ কায়সার, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ।