মান্নার মুক্তি দাবি, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম
মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্য মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি এবং গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনের আয়োজক নাগরিক ঐক্য।
মানববন্ধনে বক্তারা বলেন, শিগগির সরকারের শুভবুদ্ধি হোক। মান্নাকে মুক্তি দেওয়া হোক।
বক্তাদের ভাষ্য, মান্না দেশের কথা বলেন, মানুষের কথা বলেন। তাই সরকারের মাথাব্যথা হয়েছে।
মান্নাকে মুক্তি দেওয়া না হলে সারা দেশে গণ-আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয় মানববন্ধন থেকে।
বক্তাদের অভিযোগ, সরকার ভয় পেয়ে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানকে বাধাগ্রস্ত করতে মান্নাকে গ্রেপ্তার করেছে।
মান্নার মুক্তির দাবির সঙ্গে একাত্মতা জানান বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। একই সঙ্গে তিনি গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও স্বেচ্ছাচারিতা বলে অভিহিত করেন তিনি।
মানববন্ধনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী, গণফোরামের মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশের ভাষ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে মান্নাকে আটক করে র‍্যাব। তবে মান্নার পরিবারের দাবি, এর এক দিন আগে তাঁকে এক আত্মীয়ের বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহের উসকানি দেওয়া ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়।