মামলা ও গ্রেপ্তার আতঙ্কে তটস্থ নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি হয়রানি, গ্রেপ্তার আতঙ্ক এবং নতুন করে আসামি হওয়ার শঙ্কায় তটস্থ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা। মাঠপর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দলীয় যেসব সভা বা বৈঠক অনুষ্ঠিত হয়, পূর্ব ঘোষণা ছাড়াই তা হুটহাট করে ডাকা হয়। সভা শেষ হওয়ামাত্রই নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন। এরপর ছবি ও সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয় গণমাধ্যমে। এভাবে অনেকটা সংবাদ বিজ্ঞপ্তিনির্ভর হয়ে পড়েছে এখানকার বিএনপির রাজনীতি।
সিলেট মহানগর বিএনপির দায়িত্বশীল এক নেতা দাবি করেন, ‘সারাক্ষণ বিএনপির নেতা-কর্মীদের ওপর গোয়েন্দা নজরদারি থাকছে। তাই চাপমুক্ত হয়ে রাজনীতি করা সম্ভব হচ্ছে না। টানা অবরোধ-হরতাল চলাকালে সরকারের দমন-পীড়নে সাংগঠনিকভাবে আমরা এখন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছি। এ অবস্থায় একেক সময় একেক স্থানে দলীয় সভা হচ্ছে।’
জেলা ও মহানগর বিএনপির মধ্যম সারির সাতজন নেতার সঙ্গে এ বিষয়ে কথা হয়। তাঁরা কেউ নাম প্রকাশ করতে রাজি হননি। তাঁদের ভাষ্য, যেসব নেতা-কর্মী সরকারবিরোধী মিছিল-সমাবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, বেছে বেছে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। এ অবস্থায় গ্রেপ্তার আতঙ্ক ও নতুন করে মামলায় পড়ার আশঙ্কায় অনেকেই দলীয় কর্মকাণ্ডে জড়াচ্ছেন না। দলের কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচিও পালিত হচ্ছে দায়সারাভাবে।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সর্বশেষ গত ৩০ ও ৩১ মে এবং ১ জুন প্রকাশ্যে তিন দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ১ জুন নগরের দরগা গেট এলাকার শহীদ সোলেমান হলে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাতে কয়েক শ নেতা-কর্মী অংশ নিয়েছিলেন।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, মহানগর আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সাতজন নেতাকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে। তিনি নিজেও গত ২৯ ডিসেম্বর গ্রেপ্তার হয়েছিলেন, ১৬ এপ্রিল জামিনে মুক্তি পান। এ রকম পরিস্থিতিতে দলীয় কার্যক্রম পরিচালনায় স্থবিরতা দেখা দিয়েছে।
মহানগর কমিটির সদস্যসচিব বদরুজ্জামান সেলিম গত ১৩ জানুয়ারি পুলিশের হাতে আটক হয়েছিলেন। এরপর তাঁকে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা অভিযোগে করা সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি গত ১০ মে জামিনে মুক্তি পান। বদরুজ্জামান সেলিম প্রথম আলোকে বলেন, ‘নেতা-কর্মীরা মামলা সামলাবেন, নাকি আন্দোলন করবেন? যারেই পুলিশ ধরছে, তারে পুরোনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে। তাই সঠিকভাবে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না।’
দলীয় একাধিক সূত্র জানায়, সিলেটে জেলা ও মহানগর কমিটির কোনো দলীয় কার্যালয় নেই। যখন যিনি দলের সভাপতি বা আহ্বায়কের দায়িত্ব পান, তখন তাঁর সুবিধা অনুযায়ী স্থানে সাংগঠনিক সভা হয়ে থাকে। বেশির ভাগ সময় নেতৃত্বস্থানীয় কোনো নেতার বাসায় সভা হয়ে থাকে।
এ ছাড়া গত বছরের ৭ নভেম্বর মহানগর বিএনপির ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। তারও আগে গত বছরের ১৫ এপ্রিল জেলা শাখার ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ জানান, তাঁকে দুটি মামলায় আসামি করা হয়েছে। এখন জামিনে রয়েছেন। তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মী থেকে শুরু করে সমর্থকেরা পর্যন্ত মামলার ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। পুলিশি তৎপরতায় সারাক্ষণ তাদের ভয়ভীতির মধ্যে থাকতে হয়। তাই অনেকটা অগোছালো অবস্থাতেই আমাদের সংগঠন চালাতে হচ্ছে। সরকার পুলিশের মাধ্যমে অপকৌশল করে বিএনপির রাজনীতিকে বাধাগ্রস্ত করতে চাইছে।’