মামলা ও গ্রেপ্তারের ভয়ে নেতারা দ্বন্দ্বে দুর্বল সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিএনপির নেতাদের অনেকেই এখন কারাগারে। যাঁরা বাইরে আছেন, তাঁদের মুঠোফোনও প্রায় সময় বন্ধ থাকে। অনেক চেষ্টার পর ফোন ধরলেন তাঁদের কয়েকজন। আলাপকালে বললেন, ফোন বন্ধ না রেখে কী আর করার আছে। মামলা মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। বেশিক্ষণ ফোন খোলা যায় না। কথা বলতে চাইলে যেতে হবে নির্দিষ্ট স্থানে।
বিএনপির ওই নেতাদের কথামতো বিভিন্ন স্থানে গিয়ে কথা হয় তাঁদের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্ত জানিয়ে একজন নেতা বললেন, তিনিসহ দলের নেতা-কর্মীরা ৫১টি মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পরিবারকেও সময় দিতে পারছেন না। কেউ কেউ বলেন, একদিকে মামলা, অন্যদিকে দলের মধ্যে দলাদলি। জেলা বিএনপির অবস্থা বলা যায় বিপর্যস্ত।
জেলা বিএনপির একাধিক সূত্র বলেছে, গত বছরের ৬ জুন ঢাকা থেকে জেলা বিএনপির নতুন কমিটি গঠন করে দেওয়ার পর থেকে দলে দুটি পক্ষ পরস্পর পরস্পরের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। এক পক্ষে জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অন্য পক্ষে রয়েছেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী ও শহীদুল ইসলাম এবং মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রইস আহমেদ। এই কোন্দল কর্মীদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলেছে।
নগরের গ্র্যান্ড রোডে বিএনপির জেলা ও মহানগর কার্যালয় কয়েক দিন গিয়ে বন্ধ দেখা যায়। তবে কয়েকজন নেতা দাবি করলেন, মাঝেমধ্যে কার্যালয় খোলা হয়। গত ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সর্বশেষ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি কর্মসূচি পালন করেছে।
দলীয় সূত্র বলেছে, গ্রেপ্তার এড়াতে নেতারা আত্মগোপনে থাকলেও জেলা বিএনপির বিবদমান দুই পক্ষের দ্বন্দ্ব কমেনি। তবে দুই পক্ষই দলের স্বার্থে বিভেদ ভুলে নিজেদের ঐক্য অটুট রাখতে কাজ করার আহ্বান জানিয়েছে। গত ২৬ মে ২০ জন নেতা ঢাকায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সূত্র বলছে, ২০০১ সালে জেলা বিএনপির বর্ধিত সভা হয়েছিল। ওই সময় থেকে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠনের কার্যক্রম চলছিল। অবশেষে গত বছরের ৬ জুন ঢাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর রংপুর জেলা বিএনপির কমিটির অনুমোদন দেন। কমিটির সভাপতি এমদাদুল হক ভরসা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এই কমিটি গঠনের পর দলের দুটি পক্ষ প্রকাশ্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ করে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মামলাও হয়েছে। এই কমিটি গঠনের পর অনেকে দলীয় কার্যালয়ে আসাও ছেড়ে দেন।
রংপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রইস আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমার নামেই ২০টি মামলা। রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দলীয় কার্যালয়ে যেতে পারি না। এরপরও বিক্ষিপ্তভাবে কেন্দ্রের দেওয়া কর্মসূচি পালন করেছি।’ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘এক বছর আগে ঢাকা থেকে যে জেলা ও মহানগর কমিটি করে দেওয়া হয়েছে, তা অনেক নেতা-কর্মী মানতে পারছেন না। কেননা, যাঁরা দলের নেতৃত্বে এসেছেন, তাঁদের সঙ্গে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের যোগাযোগ নেই। এরপরও দলের এমন ক্রান্তিকালে আমাদের নিজেদের মধ্যে কোন্দল ভুলে গিয়ে একসঙ্গে কাজ করা উচিত।’
জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী বলেন, দুঃসময়ে যেসব বিএনপি নেতা রংপুরের রাজনীতির মাঠে ছিলেন, তাঁদের উপেক্ষা করা হয়েছে। ভালো পদ থেকে বঞ্চিত করা হয়েছে। যাঁদের নেতার আসনে বসানো হয়েছে, তাঁদের সঙ্গে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের কোনো সম্পর্ক নেই। তাই তাঁদের দিয়ে জেলায় বিএনপির রাজনীতিতে গতি ফিরে আসবে না। অবশ্য তিনিও বিভেদ ভুলে দলকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
কয়েক দিন গিয়ে জেলা বিএনপির কার্যালয় বন্ধ পেয়ে একাধিকবার ফোন করা হয় দলের জেলা সভাপতি এমদাদুল হক ভরসার মুঠোফোনে। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করার পর পাওয়া যায় সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে। তিনি বলেন, ‘দলে অভ্যন্তরীণ বিরোধ বড় কথা নয়। রাজনীতিতে এটা থাকতেই পারে। বড় কথা হলো, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অনেক মামলা। আমার বিরুদ্ধেও দুটি মামলা রয়েছে। এরপরও দলের কেন্দ্রীয় কর্মসূচি পালন করার চেষ্টা করছি।’