মামলা দিয়ে বিএনপিকে পর্যুদস্ত করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গতকাল পুরান ঢাকার নবাবপুর এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া l প্রথম আলো
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গতকাল পুরান ঢাকার নবাবপুর এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া l প্রথম আলো

সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে রাজধানীর বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন খালেদা জিয়া।
জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপিকে ধ্বংস করতে সরকার ষড়যন্ত্র করছে। দলের চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের নেতা-কর্মীদের নামেও শত শত মিথ্যা মামলা দিচ্ছে। কিন্তু চেয়ারপারসনের নামে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে পর্যুদস্ত করা যাবে না। বিএনপিকে ধ্বংস করতে সরকারের এই ষড়যন্ত্র সফল হবে না। তিনি বলেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শেই আছে। সেখান থেকে সরে যায়নি।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দিনটিকে বিএনপি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে। এ উপলক্ষে গতকাল দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফুল দিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর তিনি ওলামা দল আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে সেখানে ওলামা দল কোরআনখানির আয়োজন করে। এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আবদুল মঈন খানসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বামীর কবরে শ্রদ্ধা জানানোর পর ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে যোগ দেন খালেদা জিয়া। তিনি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, আজিমপুর, হাইকোর্ট মাজার, পুরান ঢাকার মৌলভীবাজার, কাপ্তানবাজার, নয়াবাজার, বংশাল, বিজয়নগর, শাহজাহানপুর, মতিঝিল, শান্তিনগর, নয়াপল্টন ও বাংলামোটর এলাকায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ছাত্রদল। বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোও জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।