মামলা, পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগ-দলীয় সাংসদ ম ম আমজাদ হোসেন ও উপজেলা চেয়ারম্যান আবদুল হকের পক্ষে একই স্থানে সমাবেশ আহ্বান করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার দুটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
দলীয় কোন্দলকে কেন্দ্র করে গত রোববার মো. আবদুল হকের ওপর হামলার ঘটনায় গতকাল তাড়াশ থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংসদের ভাগনে আবদুল খালেক ওরফে পিয়াসকে গ্রেপ্তার করেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম বলেন, গতকাল সকালে বাবুল সেখ মামলাটি করেছেন। মামলায় সাংসদ আমজাদ হোসেনসহ ১৪ জনের নাম উল্লেখ করে মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামি আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
গত রোববার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান আবদুল হক ও সাংসদ ম ম আমজাদ হোসেনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সাংসদের সমর্থকেরা উপজেলা চেয়ারম্যান আবদুল হকের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল উপজেলা সদর ও মহিশলুটি এলাকায় সাংসদ আমজাদ হোসেনের পক্ষ থেকে সমাবেশ আহ্বান করে মাইকিং করা হয়। কিছুক্ষণ পর উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে ওই দুটি স্থানে সমাবেশ আহ্বান করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দুটি স্থানে গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে পরদিন (আজ) সকাল সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়।
তাড়াশের ইউএনও জিল্লুর রহমান খান বলেন, একই স্থানে সমাবেশ আহ্বান করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।