মামলা প্রত্যাহারের দাবিতে নান্দাইলে আ.লীগের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহার করে নিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল রোববার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে এক সমাবেশে এ আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেয় উপজেলা আওয়ামী লীগ।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাব উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়াসহ জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নান্দাইল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল থেকে গত বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবুল মনসুরের মুক্তির দাবি করার পাশাপাশি ছয়টি ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়।
মিছিলটি শহরের নতুনবাজার এলাকা ঘুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার পর মিছিলকারীরা মহাসড়কে বসে পড়েন।
সেখানে সমাবেশে বক্তব্য দেন শাহাব উদ্দিন ভূঁইয়া, সিরাজুল ইসলাম ও আমিনুল ইসলাম। এ সময় মহাসড়কের উভয় পাশে অনেক যানবাহন আটকা পড়ে। ঘণ্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয়।