মামলা হয়নি, বিএনপি নেতাসহ আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবলীগের কর্মী আমজাদ হোসেন মোল্লা হত্যার ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে ও গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো মামলা হয়নি।

আড়াইহাজার থানা-পুলিশ সূত্র জানায়, রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত উপজেলার পাঁচরুখী, বান্টি, দুপ্তারা, পুরিন্দাসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ নয়জনকে আটক করা হয়েছে। আটক অপর আটজনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে গতকাল সোমবার রাত পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়নি।

গতকাল সকালে আমজাদ হোসেনের লাশ উপজেলার পাঁচরুখীতে পৌঁছালে তাঁর আত্মীয়স্বজন ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে বিক্ষুব্ধ আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

গতকাল জোহরের নামাজের পর পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ মাঠে আমজাদ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। জানাজার আগে এক সংক্ষিপ্ত শোকসভায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

গত রোববার সকালে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় যুবলীগের কর্মী আমজাদ হোসেন মোল্লাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় আরও ১০ জন আহত হন।