মামলায় কাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে যাঁদের দাপটে লালমনিরহাট কাঁপত, এখন তাঁরাই কাঁপেন হামলা-মামলা আর গ্রেপ্তার আতঙ্কে। বিএনপির বেশ কিছু নেতা-কর্মী-সমর্থকের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। একাধিক নেতা বলেন, দল ক্ষমতায় থাকার সময়ের দাপুটে নেতারা এখন মামলা-হামলার ভয়ে প্রায় কাবু।
চারদলীয় জোট সরকারের সময়ে লালমনিরহাট-৩ আসনের সাংসদ আসাদুল হাবিব দুলু ছিলেন উপমন্ত্রী। নেতা-কর্মীরা বলেছেন, এখনো জেলা বিএনপি চলছে তাঁর একক কর্তৃত্বে।
২০১৩-এর অক্টোবর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত লালমনিরহাট জেলায় ব্যাপক সহিংসতা হয়। এসব সহিংসতায় ৬৭টি মামলা হয়। পুলিশ ইতিমধ্যে সব কটি মামলারই অভিযোগপত্র দিয়েছে। ৩৯৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতিসহ প্রভাবশালী ৫০ জন সদস্যের নামে ১ থেকে ১৫টি পর্যন্ত মামলা বিচারাধীন রয়েছে।
এর মধ্যে জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ছয়টি, বিএনপির যুববিষয়ক সম্পাদক ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হকের বিরুদ্ধে তিনটি, দপ্তর সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে ছয়টি, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে ১৩টি এবং জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেনের বিরুদ্ধে ১৫টি মামলা বিচারাধীন আছে।
২০১০ সালের ২৭ জানুয়ারি লালমনিরহাট জেলা বিএনপির সম্মেলন হয়। তাতে আবারও আসাদুল হাবিব দুলুকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক এবং রোকন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। পরে ১৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। কিন্তু সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে পৌর ও উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় যথাক্রমে কমিটির ১ নম্বর সদস্য এবং লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোশারফ হোসেন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়। রোকন উদ্দিন পরে জাতীয় পার্টিতে যোগ দেন।
রোকন উদ্দিন বলেন, ‘আসাদুল হাবিব দুলুর সঙ্গে যার মতপার্থক্য হবে, যাকে তিনি সম্ভাবনাময় মনে করবেন, যাকে প্রতিদ্বন্দ্বী ভাববেন, যিনি জি হুজুর মার্কা হবেন না—তাকেই তিনি যেকোনো অজুহাতে দল থেকে বের করে দেবেন। যুবদল নেতা এ কে এম মাহাবুবুল আলম, বিএনপি নেতা মোশারফ হোসেন এবং আমি এর প্রমাণ।’ আসাদুল হাবিব দুলুর হঠকারী কর্মসূচির কারণে দলের অনেক নেতা-কর্মী-সমর্থক হামলা-মামলার শিকার হয়ে এলাকা ছেড়েছেন, কেউ কারাগারে আছেন।
আসাদুল হাবিব দুলু সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যাঁরা সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করেছেন তাঁদের বিরুদ্ধে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি একা কিছু করিনি।’ তিনি বলেন, বিএনপি এবং এর অঙ্গসংগঠনের ১ হাজার ৭২২ জনের নাম উল্লেখ করে এবং ৮ হাজার ২৩১ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ একাধিকবার জেলা বিএনপির কার্যালয়সহ অন্যান্য কার্যালয় ঘেরাও করে অজ্ঞাতনামা আসামিদের ধরার চেষ্টা করেছে। তিনি বলেন, ‘তারপরও সভা করার চেষ্টা ছিল। ভবিষ্যতে আরও করব।’