বান্দরবান জেলা বিএনপির দ্বন্দ্ব নিরসনের জন্য স্থানীয় দুটি পক্ষকে শিগগিরই দলের চেয়ারপারপাসন খালেদা জিয়া ডাকবেন বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতে জেলা বিএনপির সাবেক সভাপতি সাচিংপ্রু জেরিপক্ষের নেতা-কর্মীরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তাঁরা কেন্দ্র থেকে ঘোষিত জেলা কমিটি বাতিল ও কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবি জানান।
বান্দরবান সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আবদুল কুদ্দুস বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁরা দলীয় চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন। গত ২ মার্চ কেন্দ্র থেকে ঘোষিত ২১ সদস্যের আংশিক কমিটির ১৫ জনই কমিটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন এ কথা চেয়ারপারসনকে বলেছেন তাঁরা।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেরিপক্ষের নেতা মজিবুর রশিদ বলেন, চেয়ারপারসন তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তবে কোনো সিদ্ধান্ত দেননি। অবিলম্বে দুটি পক্ষকে তিনি ডাকবেন। তখন সমস্যা সমাধান করা হবে।
বোমাং রাজপরিবারের মামি-ভাগনে সম্পর্কের দুই প্রভাবশালী সদস্যকে নিয়ে বান্দরবান জেলা বিএনপিতে দুই অংশে বিভক্ত। রাজপরিবারের বউ মাম্যাচিং সম্পর্কে সাচিংপ্রু জেরির মামি। গত ২ মার্চ সাচিংপ্রু জেরিকে সভাপতির পদ থেকে বাদ দিয়ে মাম্যাচিংকে সভাপতি করে বান্দরবান জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, সাচিংপ্রু জেরিপক্ষের নেতা-কর্মীরা দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করলেও নবগঠিত কমিটি বাতিল হবে না। সব পক্ষের সমন্বয়ে কমিটিকে শক্তিশালী করা হবে। এ জন্যই দুই পক্ষের প্রধানকে একসঙ্গে ডাকার সিদ্ধান্ত দিয়েছেন চেয়ারপারসন।