চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে মারামারির ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা-কাটাকাটির জের ধরে রাতে এ ঘটনা ঘটে বলে ছাত্রলীগের একটি সূত্র জানায়।
আহত দুজন হলেন ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ফয়সাল এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছোটন শর্মা। তাঁদের মধ্যে ফয়সাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী এবং ছোটন সাধারণ সম্পাদক ফজলে রাব্বির অনুসারী হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক শুভাশীষ চৌধুরী প্রথম আলোকে বলেন, দুজন শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। আরেকজনের পায়ে ও বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাঁদের জখম গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল। দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, এটি দুজনের ব্যক্তিগত সমস্যা। ছাত্রলীগের কোনো সমস্যা নয়।