মার্কা নয়, ভোটাররা খুঁজছেন ভালো প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়ায়় ষষ্ঠ দফায় নির্বাচন ৪ জুন। চলছে প্রচারণা। ভোটররাও খুঁজছেন ভালো প্রার্থী। গত শনিবার বিকেলে গজঘণ্টা ইউনিয়নের স্বতন্ত্র চয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান গজঘণ্টা বাজারে লিফলেট বিতরণ করছেন l প্রথম আলো
রংপুরের গঙ্গাচড়ায়় ষষ্ঠ দফায় নির্বাচন ৪ জুন। চলছে প্রচারণা। ভোটররাও খুঁজছেন ভালো প্রার্থী। গত শনিবার বিকেলে গজঘণ্টা ইউনিয়নের স্বতন্ত্র চয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান গজঘণ্টা বাজারে লিফলেট বিতরণ করছেন l প্রথম আলো

মার্কার দিকে তাকিয়ে নেই ভোটাররা। তাঁদের চাহিদা একজন ভালো প্রার্থী নির্বাচন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অধিকাংশ ভোটার এমনই অভিব্যক্তি ব্যক্ত করেছেন।
ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন গঙ্গাচড়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উপজেলায় কিছু যুবক প্রচার চালাচ্ছেন। তবে তাঁরা কোনো প্রচারপত্র বের না করেও হাট-বাজারে মানুষদের কাছে গিয়ে প্রচার করছেন।
এই কাজের উদ্যোক্তার মধ্যে একজন রংপুর সরকারি কলেজের অনার্সপড়ুয়া গঙ্গাচড়া সদরের ইসমাইল হোসেন বলেন, ‘আমরা চাই একজন উপযুক্ত প্রার্থী নির্বাচিত হোক। যার কাছে গেলে ইউনিয়নবাসীর কথা শুনবে। সবার সঙ্গে পরামর্শ করে তিনি (চেয়ারম্যান) গ্রামের উন্নয়নের কথা ভাববেন। মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করবেন।’
গতকাল রোববার উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কিশামত হাবু, চওরাপাড়া, কাস্টম বাজার, তালুক হাবু, সদর ইউনিয়নের চেংমারী, কুঠিরপার, ভুটকা, কুড়িবিশ্বা, লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর, জয়রাম, কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ, পীরের হাট, গোডাউনের হাটসহ আরও কিছু এলাকার শতাধিক ভোটারের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় চেয়ারম্যান প্রার্থীরা দলের সুবিধা পেয়েছেন ঠিকই। কিন্তু ওই প্রার্থী উপযুক্ত না হলে ভোটাররা তা পছন্দ করছেন না। এ কারণে ভোটারদের ভাষ্য, মার্কাটি তাঁদের কাছে মুখ্য নয়। তাঁদের কাছে প্রার্থীর ব্যবহার ও আচার-আচরণ প্রাধান্য পাচ্ছে।

তালুক হাবু গ্রামের কৃষক সুবেদ আলী বলেন, ‘মার্কা দেখিয়া ভোট হবার নয় হামার এলাকাত। হামরা ভালো মানুষ দেখি ভোট দেমো।’

চেংমারী গ্রামের কৃষক সিরাজুল মিয়া শিক্ষিত এবং ব্যবহার ভালো এমন প্রার্থীকে ভোট দেবেন বলে জানান। পীরের হাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আতোয়ার মিয়া বলেন, ‘ভোটের সময় আসিয়া সব মানুষ ভালো হয়া যায়। এবার সেটা হবার নায়।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নয়টি ইউনিয়নে ৬০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ জুন এখানে ষষ্ঠ ধাপে নির্বাচন হবে।