'মার্কিন জরিপটি সাংঘর্ষিক'
সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জনমত জরিপকে সাংঘর্ষিক বলে দাবি করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই দাবি করেন।
জনপ্রিয়তা বাড়লে সরকারকে দ্রুত একটি নির্বাচন দিয়ে তা যাচাইয়ের আহ্বানও জানান বিএনপির মুখপাত্র।
আসাদুজ্জামান রিপন বলেন, জরিপ অনুযায়ী বাংলাদেশের অধিকাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। তাহলে যে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে তার জনপ্রিয়তা বাড়ে কীভাবে? আবার দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তাও জরিপে এসেছে। সব মিলে এই জরিপ সাংঘর্ষিক।
বিএনপির মুখপাত্র বলেন, ‘যে সরকারের সময়ে দেশে আইনের শাসন নেই, প্রতিদিনই খুন, গুম, নারী নির্যাতন ও শিক্ষক লাঞ্ছনার মতো ঘটনা ঘটছে; সে পরিস্থিতিতে সরকারের জনপ্রিয়তা কীভাবে বাড়ে তা বোধগম্য নয়।’
আরও পড়তে ক্লিক করুন: সরকারের সমর্থন বেড়েছে দুর্নীতি নিয়ে উদ্বেগ