মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপির নেতাদের বৈঠক
ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টডের সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সকালে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল সোয়া আটটা থেকে প্রায় দুই ঘণ্টার এই বৈঠকের আলোচনা নিয়ে বিএনপি বা মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
জানতে চাইলে ওই বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, এটি ছিল ‘ব্রেকফাস্ট মিটিং’। রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বিএনপির সূত্র বলেছে, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন উপস্থিত ছিলেন।
সূত্র বলেছে, বৈঠকে সবার অংশগ্রহণে আগামী দিনে একটি অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন আয়োজন ও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে ইউপি নির্বাচনের বেশ কিছু তথ্য-উপাত্ত, ভোটের চিত্র তুলে ধরা হয়েছে।
কয়েক দিন আগে মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকা সফর করেন। সে সময় তাঁর সঙ্গে বিএনপির নেতাদের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি।