মার্চ-এপ্রিলের মধ্যে তারেককে আশা করছি: এমাজউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের মতে, দেশের অবস্থা এখনকার মতো থাকবে না। তিনি বলেন, ‘মার্চ-এপ্রিলের মধ্যেই তারেক রহমানকে আশা করছি।’
গতকাল বুধবার বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এমাজউদ্দীন আহমদ এসব কথা বলেন। একই অনুষ্ঠানে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নেতা-কর্মীরা তারেক রহমানকে পাশে দেখতে চান।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের ৫০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই আলোচনার আয়োজন করা হয়। আজ ২০ নভেম্বর তারেকের জন্মদিন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত ছিলেন। তবে তিনি বক্তব্য দেননি। তিনি ছিলেন দর্শক সারিতে, বিশেষ চেয়ারে।
এমাজউদ্দীন আহমদ বলেন, তারেক রহমান যুক্তরাজ্যের কুইন্স মেরি বিশ্ববিদ্যালয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে ২৫-৩০ বছর পর বাংলাদেশ কোন পর্যায়ে যেতে পারে, তাঁর সেই চিন্তার প্রকাশ ঘটেছে। মাস তিনেকের মধ্যে তারেক এ বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেবেন বলে তিনি আশা করেন।
সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের জন্মদিনে ‘গণহত্যাকারী’ হাসিনা সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ নিতে হবে। সত্যিকার অর্থে একটি স্বাধীন, গণতান্ত্রিক দেশ উপহার দিতে পারলে সেটিই হবে তারেকের জন্য সবচেয়ে বড় উপহার।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান বক্তব্য দেন।
খালেদার হুংকারে শেখ হাসিনার তখ্ত নড়বড়ে হবে
গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস সরকারের উদ্দেশে বলেন, খালেদা জিয়ার হুংকারে শেখ হাসিনার তখ্ত নড়বড়ে হয়ে যাবে। টিকে থাকতে পারবেন না।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।
আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা প্রমুখ।