মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে সে দেশের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার  দেওয়া হয়। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে সে দেশের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবি: ফোকাস বাংলা

তিন দিনের এক সরকারি সফরে আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ায় পৌঁছেছেন। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ নাজিব বিন তুন হাজি আবদুল রাজাকের আমন্ত্রণে তিনি এ সফরে যান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বেলা ৩টা ৫৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পৌঁছে।
মালয়েশিয়ার মানব সম্পদবিষয়ক উপমন্ত্রী ইসমাইল আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান।
এ সময় মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ হোটেল গ্র্যান্ড হায়াত কুয়ালালামপুরে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।
হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের একটি দল সাক্ষাৎ করবে। আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী গ্র্যান্ড হায়াত বলরুমে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সুবিধাবিষয়ক একটি সংলাপে যোগ দেবেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ী নেতারা বৈঠকে অংশ নেবেন।

বিকেলে শেখ হাসিনা পুত্রজায়ার পারদানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। এরপর মালয়েশিয়ার সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হবে। সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত তাঁর সম্মানে দেওয়া এক নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার বেলা ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।