মালোপাড়ার সহিংস হামলার আসামিকে আ.লীগের সমর্থন
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী হয়েছেন ফারুক হোসেন। তাঁর পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ নেতা-কর্মীরা কাজ করছেন। তিনি চাঁপাতলা গ্রামের মালোপাড়ার সহিংস ঘটনার আসামি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২৮ মে উপজেলার আটটি ইউপিতে নির্বাচন। যাচাই-বাছাই শেষে গতকাল বৃহস্পতিবার এখানে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ফারুক হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
ফারুক হোসেন বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়েছে। তারা আমার পক্ষে কাজ করছে। আমি একসময় বিএনপির সমর্থক ছিলাম। মালোপাড়ার সহিংস হামলার সঙ্গে আমি মোটেও জড়িত ছিলাম না। আমার নামে মিথ্যা অভিযোগপত্র দেওয়া হয়েছে।’
থানা-পুলিশ সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন চাঁপাতলার মালোপাড়ায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। যশোর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে ২০১৫ সালের ৫ জানুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দেয়। এতে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের ১০০ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়। ফারুক এই মামলার ৬৭ নম্বর আসামি। তাঁর বাড়ি চেঙ্গুটিয়া গ্রামে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ মোড়ল বলেন, ‘ফারুক ভালো মানুষ, সৎ মানুষ। এলাকার মানুষ মিটিং করে তাঁকে সমর্থন দিয়েছে। আমিও দিয়েছি। তাঁর পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা কাজ করছেন।
আমিও করছি। শুনেছি তিনি মালোপাড়া সহিংস মামলার আসামি। তবে এ সম্পর্কে আমি ভালো জানি না।’
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস বলেন, ‘ফারুক হোসেন আমার পাড়ার ছেলে। ২০১৪ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। এ কারণে আমরা তাঁকে সমর্থন দিয়েছি। তা ছাড়া সদস্য পদে নির্বাচনের ব্যাপারে দলীয় নির্দেশনা নেই। ফারুক মালোপাড়ার সহিংস ঘটনার অভিযুক্ত আসামি কি না জানি না।’