মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে বাংলাদেশিসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া। দেশটির পুলিশ গতকাল শনিবার এ কথা জানিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে জানানো হয়েছে। খবর রয়টার্সের।
রুশ স্বার্থে হামলা করতে আইএসের সঙ্গে সম্পৃক্ত ১০ জন সিরীয় নাগরিক মালয়েশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ডে ঢুকেছেন বলে গত শুক্রবার খবর প্রকাশিত হয়।
মালয়েশিয়া পুলিশের প্রধান খালিদ আবুবকর এক বিবৃতিতে জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে চারজনই বিদেশি নাগরিক। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে।
পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে একজন ইউরোপীয় নাগরিক রয়েছেন। ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি পেনাং প্রদেশের একটি প্রতিষ্ঠানে অস্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। আল-কায়েদার সঙ্গে সম্পর্ক থাকা এই ব্যক্তি আফগানিস্তান ও বসনিয়ায় জঙ্গিবাদী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে অভিযোগ আছে। অন্য চারজনের মধ্যে একজন মালয়েশীয়, একজন বাংলাদেশি ও দুজন ইন্দোনেশীয়। এই চারজন আইএসের সঙ্গে সম্পৃক্ত একটি সেলের সদস্য, যাঁদের ওপর দায়িত্ব ছিল বিদেশে জঙ্গিবাদী কাজে অংশ নেওয়ার জন্য লোকজন সংগ্রহ করা। এই সেলের নেতৃত্বে ছিলেন ওই দুই ইন্দোনেশীয় নাগরিকের একজন, যিনি ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে আইএসের প্রধান আবুবকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করেন।