মাশরাফির পক্ষে ক্রীড়াবিদ ও সংগঠকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী প্রচারণায় এককাট্টা হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন নড়াইলের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরা। নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে গতকাল সোমবার বিকেলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আলোচনায় এ সিদ্ধান্ত হয়।

প্রবীণ ক্রীড়াবিদ নির্মল ভদ্রের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়া সংগঠক মো. ইউসুফ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব মো. আশিকুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, ক্রীড়া সংগঠক আবদুর রশীদ, মো. হায়াতুজ্জামান, তরিকুল ইসলাম, সাবেক ক্রীড়াবিদ রওশন আরা, আঞ্জুমান আরা, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরিফুল আলম প্রমুখ। তাঁরা একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মাশরাফিকে বিজয়ী করতে ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক এবং ক্রীড়ামোদীদের প্রতি প্রতিটি পাড়া-মহল্লায়, ঘরে ঘরে গণসংযোগ করার আহ্বান জানান।

বৈঠকে মাশরাফির নির্বাচনী এলাকায় গণসংযোগের জন্য ছোট ছোট দল গঠন করারও সিদ্ধান্ত হয়। এসব দল ঘরে ঘরে গিয়ে মাশরাফির জন্য ভোট চাইবে। এ কাজ তদারকির জন্য কয়েকটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। লোহাগড়া-নড়াইল সদরের একাংশ নিয়ে নড়াইল-২ আসন গঠিত।