পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর কাছ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা নেওয়ার ঘটনায় ফেসবুকে সমালোচনা ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নেতা এম মতিউর রহমান বলেন, মাসুদ সাঈদী এ বছর বিজয় দিবসে হঠাৎ করে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় উপস্থিত হন।
মাসুদ সাঈদী জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাঁর বাবা জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত।
গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমান। তিনি বলেন, ‘মাসুদ সাঈদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্বাধীনতা ও বিজয় দিবসের অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাদের চাপের মুখে জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এ বছর বিজয় দিবসে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেননি। পতাকা উত্তোলন শেষে পায়রা ওড়ানোর সময় পেছন থেকে হঠাৎ করে মাসুদ সাঈদী পতাকা-মঞ্চে ওঠেন। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কোনো বক্তব্য না দিলেও পুরস্কার বিতরণের সময় সেখানে উপস্থিত হয়ে পুরস্কার দেওয়ার চেষ্টা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের তোপের মুখে তিনি (মাসুদ সাঈদী) দ্রুত মাঠ ত্যাগ করতে বাধ্য হন। এ কারণে ওই দিন বিকেলে পূর্বনির্ধারিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। কিন্তু মাসুদ সাঈদী উদ্দেশ্যপ্রণোদিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করার জন্য অনুষ্ঠানের কিছু ছবি সংগ্রহ করে বিষয়টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য ফেসবুকের পাতায় ছবি তুলে দেন। এ ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মী নিন্দা জানাচ্ছি।’
পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর দাস বলেন, ‘মুক্তিযোদ্ধারা সম্মানের জন্য যে ক্রেস্টটি নিয়েছেন, আমার মনে হয় এটি সম্মানের চেয়ে আমাদের ঘাড়ে কালিমা লেপন করেছে।’ পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর কাছ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা গ্রহণ বিষয়ে আমি জাতি ও সাংবাদিকদের কাছে ক্ষমা চাই।’
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে মাসুদ সাঈদী বলেন, ‘আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিজে উদ্যোগ নিয়ে সভা করে সিদ্ধান্ত নিই, জাতীয় দিবসগুলোতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পতাকা উত্তোলন করবেন। তবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। আমি এর আগেও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় যোগ দিয়েছি।’
১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদীর কাছ থেকে মুক্তিযোদ্ধারা সম্মাননা নেন। মুক্তিযোদ্ধাদের এবং সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের এক সাক্ষীকে দেওয়া সম্মাননার ছবি মাসুদ সাঈদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে দেওয়ার পর তা নিয়ে সমালোচনা শুরু হয়। যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তির ছেলের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা নেওয়ার ঘটনায় ফেসবুকে অনেক ব্যক্তি ও শহীদ পরিবারের সন্তানেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
গতকাল প্রথম আলোয় ‘সাঈদীর ছেলের কাছ থেকে সম্মাননা নেওয়ায় সমালোচনা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।