মাহবুবের মন্তব্য অপ্রত্যাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার প্রথম আলোয় প্রকাশিত সাক্ষাৎকারে জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমানের দুটি মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এ প্রতিবাদ জানান।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেছিলেন, জামায়াতকে নিয়ে তো একটি নেতিবাচক ধারণা আছে, প্রশ্ন আছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘সরকার যদি মনে করে জামায়াত জঙ্গি সংগঠন, তাহলে তাকে বেআইনি ঘোষণা করছে না কেন? আমরা এ ব্যাপারে সমর্থন করতেও পারি।’
বিবৃতিতে হামিদুর রহমান আযাদ এই মন্তব্যকে ‘উসকানিমূলক এবং ২০-দলীয় জোটের ঐক্যবিরোধী’ বলে উল্লেখ করে বলেন, সরকারের এজেন্ট হিসেবে যাঁরা জোট ভাঙতে চান, তাঁরাই এ ধরনের আত্মঘাতী বিরূপ মন্তব্য করতে পারেন। জামায়াত সম্পর্কে জনগণের মধ্যে কোনো নেতিবাচক ধারণা নেই। তাঁর এ ধরনের মন্তব্য অন্যায়, অপ্রত্যাশিত।
বিবৃতিতে জোটে থেকে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াত। বিজ্ঞপ্তি।