মাহাবুব আলমের মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা দুই প্রার্থীর মধ্যে মাহাবুব আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে এ পদে একমাত্র প্রার্থী থাকছেন আওয়ামী লীগ-সমর্থিত আবদুল মতিন ভূঞা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত সোমবার ছিল মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে আবদুল মতিন ভূঞা ও মাহাবুব আলম নামে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গতকাল মনোনয়নপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, মাহাবুব আলম পেশায় ঠিকাদার। তিনি আয়কর রিটার্নের কাগজপত্র জমা দেননি। তাই নিয়ম অনুযায়ী ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মাহাবুব আলম রায়পুরা পৌর আওয়ামী লীগের সভাপতি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, মাহাবুব আলম চাইলে আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।
এ বিষয়ে মাহাবুব আলম সাংবাদিকদের বলেন, ‘আমি এখন আর ঠিকাদার নই। কয়েক দিন আগে ঠিকাদারি লাইসেন্স জমা দিয়ে অব্যাহতি নিয়েছি। তা ছাড়া মনোনয়নপত্রে আয়কর সার্টিফিকেট জমা দেওয়া ছিল।’ অন্যায়ভাবে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে দাবি করে তিনি বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন।
গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান চেয়ারম্যান নির্বাচিত হন। ১ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। আগের নির্বাচনে চেয়েও দলীয় সমর্থন পাননি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা। দলীয় সমর্থন না পেলেও প্রতিদ্বন্দ্বিতায় থেকে যান এবং আসাদুজ্জামানের কাছে পরাজিত হন।
মাহাবুব আলমের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মতিন ভূঞার জয় অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা গতকাল বিকেলে উল্লাস প্রকাশ করেন। দুপুরের পর থেকে শহরের কান্দাপাড়ায় অবস্থিত আবদুল মতিন ভূঞার বাড়িতে নেতা-কর্মীদের ভিড় পড়ে যায়। তাঁদের অনেকে ফুল ও মিষ্টি নিয়ে সেখানে হাজির হন এবং বিজয় উল্লাস করেন।