মায়ার মন্ত্রিত্ব নিয়ে আদালতই সিদ্ধান্ত দেবেন: ড. কামাল
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব আছে কি নেই, উচ্চ আদালতে এই প্রশ্ন উত্থাপন করা হলে আদালতই সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। এ ব্যাপারে ব্যক্তিগত মন্তব্য করা সমীচীন নয় বলেও মনে করেন এই বিশিষ্ট আইনজীবী।
গতকাল শুক্রবার সকালে মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল হোসেন এ কথা বলেন। তিনি বলেন, ত্রাণমন্ত্রীর মন্ত্রিত্বের বিষয়টি আদালতে বিচারাধীন।
সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজের (সেইলস) প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. কামাল হোসেন। তিনি সেইলসের গভর্নিং কাউন্সিলেরও সভাপতি।
ড. কামাল বলেন, দরিদ্র মানুষকে আইনি অধিকারের বাইরে রাখা গুরুতর অন্যায়। এটা মানুষকে জীবনমান উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত করে এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তিনি বলেন, শুধু আইনজীবীদের পক্ষে কোটি কোটি মানুষকে আইনি সহায়তা দেওয়া সম্ভব হয় না। বিশাল জনগোষ্ঠীকে আইনি সহায়তা দিতে প্যারা লিগ্যাল (আইনি সেবাদানকারী) সংস্থা ও ব্যক্তির উল্লেখযোগ্য ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বাংলাদেশে এ কাজের পরিধি ব্যাপক হওয়া উচিত।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, মানুষকে আইনগত অধিকার সম্পর্কে সচেতন ও নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। রাষ্ট্রের সহায়তা ছাড়া দুস্থ নাগরিকের পক্ষে আইনগত অধিকার অর্জন করা সম্ভব না। এই সহায়তা নাগরিকের প্রতি রাষ্ট্রের কোনো দয়া নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের সেন্টার ফর সোশ্যাল জাস্টিসের গগন শেঠি এবং সেইলসের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান বক্তব্য দেন। প্রশিক্ষণে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও নেপালের ২১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
অনুষ্ঠানে সেইলস পরিচালনা পরিষদের সদস্য ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমদ, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।