মিছিলে বাধা পেয়ে বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি বাধায় নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার কালো পতাকা মিছিল বের করতে পারেনি জেলা বিএনপি। পরে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এই কর্মসূচি পালন করে।

গতকাল সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জেলা জজ আদালতসংলগ্ন রেড ক্রিসেন্ট বিপণিবিতানের সামনে জড়ো হতে থাকেন। বেলা সোয়া ১১টার দিকে সুধারাম থানা-পুলিশ এসে তাঁদের সেখান থেকে সরিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নিয়ে যায়। সেখান থেকে বিএনপির নেতা-কর্মীরা কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং ক্লাব চত্বরে কর্মসূচি সীমাবদ্ধ রাখতে বলে। পরে বিএনপির নেতারা ক্লাব চত্বরে সমাবেশ করেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি এ জেড এম গোলাম হায়দার। বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সলিম উল্লাহ, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, শহর বিএনপির সভাপতি আবু নাসের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, ছাত্রদলের সভাপতি নুরুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, সরকার মাঠপর্যায়ের বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভাঙার ষড়যন্ত্র হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ দিয়ে তল্লাশির চালিয়েছে। কিন্তু ষড়যন্ত্র করে বিএনপির নেতা-কর্মীদের মনোবল ভাঙা যাবে না।

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের কলাবাগান এলাকা থেকে খাগড়াছড়ি বাজারে দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে নেতা-কর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে ১০০ গজ দূরে শহরের ভাঙাব্রিজ এলাকায় যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ।  সরকারের কাছ থেকে ক্ষমতা বুঝে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জনগণ।

সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির নেতা কংচাইরী মারমা, অনিমেষ দেওয়ান, মোসলেম উদ্দীন, ক্ষেত্র মোহন রোয়াজা, মালেক মিন্টু, অনিমেষ চাকমা, এম এন আবছার, ক্ষণিরঞ্জন ত্রিপুরা, আবু তালেব, মাহবুবুল আলম, ইব্রাহীম খলিল প্রমুখ।

মিছিলে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়াত উল্লাহ বলেন, আগে থেকে অনুমতি না নেওয়ায় মিছিলে বাধা দেওয়া হয়েছে।