মিঠাপুকুরে হরতালকারীদের ছত্রভঙ্গ, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরে আজ বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় পাঁচজন আহত হন। ঘটনাস্থল থেকে জামায়াত নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে মিঠাপুকুর বাসস্ট্যান্ডের সামনে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ ধাওয়া দিলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। পুলিশ ২০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ওসি জানান, মিঠাপুকুর উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল বাসেদ মারজানসহ পাঁচজনকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে।