
মিডিয়া বিএনপির খবর প্রচার করে এক সেকেন্ড। আর সরকারের খবর প্রচার করে বিরাট করে।
আজ বুধবার ঠাকুরগাঁওয়ের সাধারণ পাঠাগার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারদলীয় লোকজন মনে করে, তারা সবাই রাজকীয় বংশের মানুষ। তারা যেটা বলবে, ঠিক সেটাই আইন। এ কারণে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সমালোচনা করা যাবে না। তাদের অন্যায়গুলো তুলে ধরা যাবে না। তারা যে মানুষ খুন করছে, গুম করছে, অধিকার কেড়ে নিচ্ছে—এ সম্পর্কে একটি কথাও বলা যাবে না।
মির্জা ফখরুল আরও বলেন, ‘গোটা বাংলাদেশই একটা কারাগারে পরিণত হয়েছে। একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা বলতে কিছুই নেই। আমাদের মা-বোনেরা নিরাপদে পথ চলতে পারেন না। রাস্তায় বের হতে পারেন না। প্রতিদিন মা-বোনকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। অন্যদিকে আমাদের সব ধর্মীয় সম্প্রদায়ের লোকজনকে হত্যা করা হচ্ছে। দাঙ্গা সৃষ্টি করে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। অথবা তাদের জমি থেকে বিতাড়িত করা হচ্ছে।’
বিএনপির মহাসচিব বলেন, বিরোধী দল যদি বক্তব্য রাখতে চায়, তাদের বক্তব্য রাখতে দেওয়া হয় না। সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। সংবাদপত্রের লোকজন সব খবর বলতেও পারেন না, লিখতেও পারেন না। ফলে মানুষের মৌলিক অধিকারগুলো পুরোপুরি হরণ করে নেওয়া হচ্ছে। আজ সমগ্র বাংলাদেশ মুক্তি চায় এই শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে, মুক্তি চায় এই অবরুদ্ধ কারাগার থেকে। গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে তিনি বলেন, ‘মিডিয়া আমাদের খবর প্রচার করে এক সেকেন্ড। আর সরকারের প্রচার করে বিরাট করে।’
যুবদলের ইতিহাস গণতন্ত্রকে ছিনিয়ে আনার ইতিহাস
যুবদলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বন্ধুগণ, এ অচলায়তন আমাদের ভাঙতে হবে। শ্বাসরুদ্ধকর অন্ধকার একটা পরিবেশ, আমাদের চেতনাকে বিলুপ্ত করে দেওয়ার যে পরিবেশ, সেখান থেকে দেশ-জাতিকে বের করে আনতে হবে। ঐতিহাসিকভাবে সেই দায়িত্ব বর্তাচ্ছে জাতীয়তাবাদী যুবদলের ওপরে। যুবদলের ইতিহাস গণতন্ত্রকে ছিনিয়ে আনার ইতিহাস। যুবদলের ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস। যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে শক্তি, মনোবল ও সাহস অর্জন করতে হবে। নির্যাতনের শিকার হওয়া, কারাগারে যাওয়া, ত্যাগ শিকার করা—সবকিছু মূল্যহীন হয়ে যাবে, যদি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে না পারি।’
দলীয় নেতা-কর্মীদের চেতনাকে আরও জাগ্রত করার আহ্বান জানিয়ে ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা হতাশ হবেন না। হতাশাই শেষ কথা নয়। হে যুবকেরা শোনো, আছে সূর্যোদয় প্রতি রজনীর পরে।’
বক্তব্যের শেষে কাউন্সিলে যে নেতৃত্ব বেরিয়ে আসবে, তা একবাক্যে মেনে নেওয়ার অঙ্গীকার নিয়ে বক্তব্য শেষ করেন মির্জা ফখরুল।
এর আগে দুপুরের দিকে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সাধারণ পাঠাগার চত্বরে ফিরে আসে। বেলা আড়াইটার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। পরে বেলা তিনটার দিকে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলবার্ট পি কস্তা। উদ্বোধনের পর জেলা যুবদলের সদস্যসচিব মাহবুব হোসেন সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ ছাড়া ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মির্জা ফয়সল আমিন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ, সহসভাপতি আবদুল খালেক, দপ্তর সম্পাদক কাজী রফিক, সাধারণ সম্পাদক রইস আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বিকেল পাঁচটার দিকে প্রথম অধিবেশন শেষে শুরু হয় কাউন্সিল অধিবেশন।