মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে আ.লীগ

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে ফখরুল এই অভিযোগ করেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ চট্টগ্রাম নগর বিএনপির সভাপতির (শাহাদত হোসেন) বিরুদ্ধেও একটা অপপ্রচার চালিয়েছে। যেটা প্রমাণিত হয়েছে যে তিনি কখনোই এসবের মধ্যে ছিলেন না। আমরা বলতে চাই, এভাবে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’
ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা নিয়ে একটি অনলাইন পত্রিকা প্রতিবেদন প্রকাশ করে গত রোববার। সেখানে একটি অডিও প্রকাশ করা হয়; যেখানে শাহাদত নামের একজন কোনো এক ব্যক্তিকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার জন্য নির্দেশ দিতে বলেন।
গতকালই চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদত হোসেন অভিযোগ করেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় প্রকাশিত অডিওর কণ্ঠস্বর নিজের নয়। ওই কণ্ঠস্বর ফেনীর ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন ওরফে সাকার।
আজকের ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণ এখন পরিষ্কারভাবে বুঝে নিয়েছে, আওয়ামী লীগ সত্যকে ধামাচাপা দিতে চায়। আর গণতন্ত্রের প্রচলিত যে নর্মগুলো রয়েছে, তা ধ্বংস করে দিচ্ছে তারা। তিনি আরও বলেন, ‘ফেনীর আক্রমণে আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের গাড়িও ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন। আপনারা (সাংবাদিক) সবই জানেন, কারা সেদিন আক্রমণ চালিয়েছে। এই আক্রমণকারী কারা, তা পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় চলে এসেছে।’
সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, চট্টগ্রাম নগর সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ ব্রিফিং শুরু করার মুহূর্তে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় এবং হইচইয়ের মধ্যে শুরুতে মহাসচিবের বক্তৃতা হারিয়ে যায়। ঠেলাঠেলির কারণে সম্মেলন কক্ষের কাচের দেয়ালের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। নেতা-কর্মীদের নিবৃত্ত করতে এ সময় চট্টগ্রামের বিএনপির নেতাদের বেশ বেগ পেতে হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, ‘ফেনীর ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ক্ষমতাসীনেরা যেসব কথা বলছেন এবং বলেই যাচ্ছেন, সেটাকে আমরা সুস্পষ্টভাবে মনে করি সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া। রাজনীতিকে ধ্বংস করবার আরেক প্রক্রিয়া আওয়ামী লীগ শুরু করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এখনো সময় আছে, এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তাঁদের উচিত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘ফেনীর ঘটনার বিষয়ে আশা করেছিলাম, ওবায়দুল কাদের সাহেব এটুকু করবেন যে প্রথমেই এটাকে নিন্দা করবেন এবং হামলাকারীদের বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখন আর খোঁজার দরকার নেই। হামলাকারীদের পরিচয় জানা হয়ে গেছে।’ তাদের আইনের আওতায় নিয়ে আসতে তিনি চেষ্টা করবেন বলে বিএনপি আশা করে।
রোহিঙ্গা বিষয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া মানবিক কারণে ঢাকা থেকে কক্সবাজারের রোহিঙ্গাশিবিরের যান। তাঁকে (খালেদা) শুভেচ্ছা জানাতে ঢাকা থেকে কক্সবাজারের উখিয়া পর্যন্ত রাস্তার পাশে লাখো মানুষের ঢল নামে। তিনি বলেন, ‘আমরা শুরু থেকে বলে আসছি, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে খাওয়াপরার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কূটনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে সরকারের হাত শক্ত করতে হবে, যাতে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে এই সমস্যা মোকাবিলা করা যায়। সেটা সরকার করেনি, তারা নাকচ করে দিয়েছে।’
মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক সংস্থার তৎপরতা এবং কূটনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে।