মিথ্যাচার করে অপকর্ম ঢাকতে চায় বিএনপি: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ধর্মের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। বিএনপি নানান সময় নানান ধরনের মিথ্যাচার করে। এসব মিথ্যাচারের মধ্য দিয়ে তারা নিজেদের অপকর্মকে ঢাকতে চায়।’
আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ‘ধর্মের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান সুবিধাবাদী’—বিএনপির নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অর্থ উপকমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হানিফ। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও অর্থ উপকমিটির আহ্বায়ক কাজী জাফরউল্যাহর সভাপতিত্বে বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মুসলিম বিশ্বের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত ইসরায়েলের সঙ্গে বিএনপির নেতারা বৈঠক করে তাদের সব রকমের ব্যবসা-বাণিজ্যসহ সুযোগ-সুবিধা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাই আমি দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান করেছি। ধর্মপ্রাণ মুসলমান এবং মুসলমানদের যেসব সংগঠন আছে, তাদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য বলেছি।’
হানিফ আরও বলেন, ‘আমাদের জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ অর্থ উপকমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে অন্যান্য উপকমিটির নেতাদের বৈঠক হয়েছে। আলোচনায় আমরা জানতে পেরেছি, সম্মেলন সফল করার লক্ষ্যে সব উপকমিটির কাজ ৬০-৭০ ভাগ সম্পন্ন হয়েছে। আশা করি, নির্ধারিত সময়ের আগেই আমরা সব উপকমিটির দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করব।’