মিথ্যাচার সরকারের অস্থিরতার বহিঃপ্রকাশ: বিএনপি
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকার মিথ্যাচার করেছে বলে দাবি করেছে বিএনপি। দলটি বলেছে, এর আগে জাতিসংঘের মহাসচিবের বক্তব্য নিয়েও মিথ্যাচার করা হয়েছে। বিদেশি রাষ্ট্র ও সংগঠনের বক্তব্য নিয়ে এ ধরনের মিথ্যাচার সরকারের মধ্যকার অস্থিরতার বহিঃপ্রকাশ।
আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
সম্প্রতি গার্ল সামিটে যোগ দিতে যুক্তরাজ্য যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুনের সঙ্গে তিনি বৈঠক করেন। ওই বৈঠকের বিষয়ে ঢাকায় সাংবাদিকদের ব্রিফ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে শমসের মবিন বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ৫ জানুয়ারির নির্বাচন অতীত হয়ে গেছে। তাঁরা যে মিথ্যা বলেছেন, তা প্রমাণিত হয়ে গেছে। এই বৈঠক ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়েছে। সেখানে এ ধরনের কোনো বক্তব্য নেই। বরং ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
শমসের মবিন বলেন, বন্ধুপ্রতীম দেশের ক্ষেত্রে এভাবে মিথ্যাচার করলে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এটি শিষ্টাচার-বহির্ভূত। এ ধরনের মিথ্যাচারের ফলে আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির সম্ভাবনা আছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাংবাদিক শফিক রেহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন, ইনাম আহমেদ চৌধুরী, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।