মিরসরাইয়ে বিএনপি কার্যালয় ভাঙা শুরু
চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির ৩৮ বছরের পুরোনো কার্যালয় ভবন ভেঙে দেওয়ার কাজ শুরু হয়েছে। গত সোমবার দিবাগত রাতে পৌরসভার নিয়োগ করা ঠিকাদার এই ভাঙার কাজ শুরু করেন।
মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ভবনটি পৌরসভার জায়গায় নির্মিত। বিএনপিকে স্থাপনাটি সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও সরানো হয়নি। তিনি বলেন, তাঁর আগের মেয়র এম শাহজাহান ঠিকাদার দিয়ে কার্যালয় ভবন ভাঙার আদেশ দিয়ে যান। ওই কাজের ধারাবাহিকতায় ঠিকাদার ভবনটি ভাঙার কাজ শুরু করেন।
ভবন ভাঙার নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘দেশব্যাপী আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ এই ন্যক্কারজনক কাজটি করেছে।’
স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে ঠিকাদারের লোকজন এক্সকাভেটর দিয়ে দোতলা ভবন ভাঙার কাজ শুরু করেন। সোমবার রাতে ভবনের সামনের অংশ ও দক্ষিণ পাশের দেয়াল ভাঙা হয়। এর আগে ভবনটির পাশে সীমানাপ্রাচীর গড়ে তোলে পৌরসভা।
বিএনপির নেতা নুরুল আমিন বলেন, ১৯৮০ সালে মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) জায়গায় বিএনপির কার্যালয় স্থাপন করা হয়। ২০০১ সালে ইউনিয়ন পরিষদের সঙ্গে মাসিক ৪০০ টাকা ভাড়ার চুক্তি হয়। এরপর ওই জায়গায় ২০ লাখ টাকা ব্যয়ে দোতলা ভবন নির্মাণ করে উপজেলা বিএনপি। পরে মিরসরাই পৌরসভা ঘোষণা করা হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের সঙ্গে চুক্তিপত্র থাকায় তাঁরা পৌরসভার সঙ্গে নতুন করে আর চুক্তি করেননি। তিনি বলেন, ২০১১ সাল থেকে ভাড়া নিচ্ছে না পৌরসভা। কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই ভবনটি ভেঙে দেওয়া হচ্ছে।
মেয়র গিয়াস উদ্দিন বলেন, ২০১১ সালে সদর ইউনিয়ন পরিষদ থেকে ৩৮ শতক জায়গা ৯৪ লাখ টাকায় কিনে নেয় পৌরসভা। তখন ওই জায়গায় থাকা বিএনপির ভবনটির মূল্য ৯ লাখ টাকা ধরে ইউনিয়ন পরিষদকে পরিশোধ করা হয়। তিনি বলেন, স্থাপনা সরিয়ে নিতে বিএনপিকে বহুবার নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা স্থাপনা সরিয়ে নেয়নি।
মেয়র বলেন, ঠিকাদারের লোকজন আসবাবের কোনো ক্ষতি না করে ভবনটি ভাঙার কাজ করছেন।