মির্জা আব্বাসের জামিন হবে কি না, আদেশ কাল
গাড়ি পোড়ানোর দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আগাম জামিন হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য কাল বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আদেশের আগ পর্যন্ত এই দুই মামলায় তাঁকে গ্রেপ্তার করা যাবে না এবং তিনি নির্বাচনী প্রচারেও অংশ নিতে পারবেন না।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার মির্জা আব্বাসের আগাম জামিনের দুটি আবেদনের ওপর শুনানি হয়। তবে আরেকটি আবেদনের ওপর শুনানি নেননি আদালত। শুনানির সময় মির্জা আব্বাস আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ২৮ ডিসেম্বর পল্টন থানায় এবং গত ৪ জানুয়ারি মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর দুটি মামলা এবং গত বছরের ৬ মার্চ শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় আগাম জামিনের আবেদন করেন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। গতকাল এই তিনটি আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। এ জন্য বেলা সাড়ে ১২টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে যান মির্জা আব্বাস। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষে অবস্থান নেন। বেলা আড়াইটার দিকে তিনি আদালতকক্ষে যান।
পৌনে তিনটার দিকে শুনানির শুরুতে আদালত বলেন, দুদকের মামলার জন্য হাইকোর্টে নির্ধারিত বেঞ্চ আছে। এ জন্য এ মামলায় এখানে শুনানি নেওয়া হবে না। তবে বাকি দুটি মামলায় শুনানি হয়। মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন এম মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
নির্বাচনে অংশগ্রহণকারীদের সবার জন্য যেন সমান সুযোগ তৈরি হয়, এ জন্য মির্জা আব্বাসকে আগাম জামিন দেওয়ার আরজি জানান খন্দকার মাহবুব হোসেন। এর বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল বলেন, এ দুটি মামলার মধ্যে মির্জা আব্বাসের বিরুদ্ধে ৩ জানুয়ারি রমনা থানায় আরেকটি গাড়ি পোড়ানোর মামলা হয়। ওই মামলায় তাঁকে হাইকোর্ট জামিন দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা বাতিল করেন। এ জন্য এ মামলা দুটিতেও তাঁকে আগাম জামিন দেওয়ার কোনো কারণ নেই।
শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। এ সময় মির্জা আব্বাসের আইনজীবীরা বলেন, এর মধ্যে পুলিশ তাঁকে গ্রেপ্তার বা হয়রানি করতে পারে। এ সময় আদালত অ্যাটর্নি জেনারেলকে বলেন, আদেশের আগ পর্যন্ত তিনি (মির্জা আব্বাস) যে অবস্থায় আছেন সেভাবে থাকবেন। তিনি আদালত থেকে বাসায় যাবেন, বাসা থেকে আদালতে আসবেন। তবে এই সময়ের মধ্যে তিনি নির্বাচনী প্রচারের কাজে অংশ নিতে বা গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দিতে পারবেন না।
পরে অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের বলেন, আদালতের এ আদেশের অর্থ হলো পল্টন ও মতিঝিল থানার মামলায় বুধবার পর্যন্ত পুলিশ মির্জা আব্বাসকে গ্রেপ্তার করতে পারবে না। আর দুদকের মামলায় জামিনের জন্য আদালত নির্ধারিত বেঞ্চে যেতে বলেছেন। তাহলে দুদকের মামলায় মির্জা আব্বাসকে পুলিশ বুধবারের আগে গ্রেপ্তার করতে পারবে কি না—এ প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল কোনো মন্তব্য করতে রাজি হননি।