মির্জা ফখরুলের জন্য ছয় সদস্যের চিকিৎসক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপির এই নেতাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়।
বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুলকে এখানে আনা হয়েছে। গুরুতর কোনো সমস্যার কথা জানাননি তিনি। তাঁকে দেখার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কিছুক্ষণ পরই তাঁরা মির্জা ফখরুলকে দেখবেন।’
এর আগে আজ সকালে মির্জা ফখরুলকে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। এ বিষয়ে সেখানকার কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক প্রথম আলোকে বলেন, মির্জা ফখরুলের হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যা আছে। চিকিৎসকের পরামর্শে আজ সকাল পৌনে আটটার দিকে তাঁকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে। সেখান থেকে পাঠানো হবে বিএসএমএমইউ হাসপাতালে।

কারা চিকিৎসক মো. আনোয়ার হোসেন সকালে প্রথম আলোকে বলেন, মির্জা ফখরুলের ইন্টারনাল করোটিড আর্টারি (মাথায়) ব্লক রয়েছে। এ ছাড়া পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদ্‌রোগে ভুগছেন তিনি। তাঁকে ভাস্কুলার সার্জন, নিউরোলজিস্ট, গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট ও কার্ডিওলজিস্ট দেখানো দরকার।

চিকিৎসক মো. আনোয়ার হোসেন আরও বলেন, প্রায় দুই মাস আগে বিএসএমএমইউতে চিকিৎসা নিয়েছিলেন মির্জা ফখরুল। কিন্তু তখন একসঙ্গে সব চিকিৎসককে দেখানো সম্ভব হননি। তিনি সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিতে চান।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।