মির্জা ফখরুল রাতে সিঙ্গাপুর যাচ্ছেন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য আজ রোববার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন। ছয় মাসের বেশি সময় কারাভোগের পর গত ১৪ জুলাই তিনি জামিনে মুক্তি পান।
মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, তিনি অসুস্থ। খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। ছয় মাসে তাঁর ১২ কেজি ওজন কমেছে বলেও জানিয়েছিলেন তিনি।
আজ দুপুরে মির্জা ফখরুল প্রথম আলোকে বলেন, রাতে সিঙ্গাপুর এয়ার লাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন।
৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র চলতি বছরের ৬ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলন কর্মসূচি শুরুর প্রথম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে থাকার সময় অসুস্থ হয়ে পড়লে প্রায় এক মাস তিনি বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।