মির্জা ফখরুলকে ব্যাখ্যা দিতে বললেন আপিল বিভাগ

সিলেটে বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২২ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে এ ব্যাখ্যা দিতে বলা হয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের এ বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
পল্টন থানায় নাশকতার তিন মামলায় আজ মির্জা ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তাঁর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। পরে শুনানি শেষে আদেশের জন্য আদালত ২২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন।
আরও পড়ুন..
সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: ফখরুল