ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার অভিযোগে দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একটি মামলায় রফিকুল ইসলাম মিয়াসহ ২১ জনকে পলাতক দেখিয়ে তঁাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ২৯ ফেব্রুয়ারি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির দিন ধার্য আছে।
গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক দুটি মামলায় ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক তিনটি অভিযোগপত্র দাখিল করা হয়। তবে একই ব্যক্তির নাম দুটি মামলায় থাকায় আসামির সংখ্যা ৫৩।
যাঁদের পলাতক দেখানো হয়েছে তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ, যুগ্ম মহাসচিব বরকত উল্লা ও খায়রুল কবির, সাবেক হুইপ জয়নুল আবেদিন ফারুক, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু, মীর শরাফত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, ড্যাব নেতা জাহিদ হোসেন, শফিউল বারী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ।
গতকাল পল্টন থানার একটি মামলায় ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে মির্জা ফখরুলসহ ৫৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় রফিকুল ইসলাম ও আবদুল আউয়াল মিন্টুসহ ২১ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
২০১৫ সালের ৫ জানুয়ারি পল্টন থানাধীন ফকিরাপুল হোটেল বকশির সামনে পুলিশ কনেস্টবলের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন থানা-পুলিশ একটি মামলা করে। এ ছাড়া ওই বছরের ৪ জানুয়ারি পল্টন মডেল থানার আজাদ প্রোডাক্টসের সামনে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পল্টন থানা-পুলিশ আরেকটি মামলা করে। দুটি মামলায় তদন্ত শেষে গতকাল আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।