মির্জা ফখরুলের ওপর হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় নারায়ণগঞ্জে প্রতিবাদ সভা করেছে জেলা ওলামা দল। গতকাল মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। গাজীপুরেও হামলার প্রতিবাদ জানানো হয়।

গতকাল বিকেলে গাজীপুর জেলা শহরের ভূরুলিয়ার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ লেবার পার্টি গাজীপুর মহানগরের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার। মির্জা ফখরুলের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপির চারদিকে এখন সমুদ্র। ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহাপাপ। তাই লড়াই করাই সর্বোত্তম পথ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর সন্ত্রাসী হামলা বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার একটি ষড়যন্ত্র। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে আগামী নির্বাচন হতে দেওয়া হবে না।

লেবার পার্টির গাজীপুর মহানগর শাখার সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আহম্মদ আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন প্রমুখ।

এদিকে নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি মুন্সি সামছুর রহমান খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম, এনামুল হক খান প্রমুখ।

সামছুর রহমান খান বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর নয়, এটি গণতন্ত্র ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এই হামলা বিশ্ববাসীকে হতবাক করেছে। সরকার এই হামলা চালিয়ে আবারও প্রমাণ করল, সরকারের পায়ের নিচে মাটি নেই। বিএনপি গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়ালেও আওয়ামী লীগ ভয় পায়। ত্রাণ বিতরণে বাধা দিয়ে এক ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সামছুর রহমান বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিনিয়ত ভূলুণ্ঠিত হচ্ছে। এই গণতন্ত্র ফেরাতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে।’

দুপুরে একই দাবিতে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গাউছিয়া মার্কেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতা মো. রিপন, ফারুক, আলী হোসেন প্রমুখ।