মির্জা ফখরুলের গণ–আন্দোলনের ডাক হাস্যকর: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেবের কথায় তাঁর দলের নেতা–কর্মীরাই সাড়া দেয় না। তাঁর মুখে গণ–আন্দোলনের ডাক শোভা পায় না।’
আজ শনিবার তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ সেমিনার ও প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা মির্জা ফখরুলের গণ–অভ্যুত্থানের ডাক সম্পর্কে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব যুবদল ও ছাত্রদলের কয়েক শ নেতা–কর্মী আর কিছু টোকাই নিয়ে যে গণ–অভ্যুত্থানের ডাক দিয়েছেন, তা হাস্যকর। এই কথা তাঁরা গত সাড়ে ১২ বছর ধরে বলে আসছেন। আসল কথা হচ্ছে মির্জা ফখরুল সাহেবদের কথায় এখন কর্মীরাও সাড়া দেয় না।’
‘আওয়ামী লীগ ছদ্মবেশে বাকশাল প্রতিষ্ঠা করেছে’ বিএনপির এ মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র বিদ্যমান। জাতীয় সংসদে বিএনপিসহ বহুদলের প্রতিনিধিত্ব রয়েছে। মির্জা ফখরুল সাহেব নিজেই সকাল-বিকাল সরকারের বিরুদ্ধে যথেচ্ছ সমালোচনা করছেন। এ থেকে প্রমাণিত হয় দেশে গণতন্ত্র রয়েছে, বাক্স্বাধীনতাও রয়েছে।’
এর আগে অনুষ্ঠানে বক্তব্যে সংবাদকর্মী, সংবাদপত্র এবং পাঠকসমাজের অধিকার রক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণনা করে মন্ত্রী জানান, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং সচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা স্বাগত বক্তা ও প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী এবং নঈম নিজাম আমন্ত্রিত বক্তার বক্তব্য দেন। ‘বাঙালির সব সাহসের উচ্চারণ বঙ্গবন্ধু’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।
পদক প্রদান অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক হাসান শাহরিয়ারকে প্রেস কাউন্সিলের আজীবন সম্মাননা পদক (মরণোত্তর), দৈনিক জনকণ্ঠ পত্রিকাকে প্রাতিষ্ঠানিক সম্মাননা, চট্টগ্রামের দৈনিক পূর্বকোণকে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা, গ্রামীণ সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিন–এর সাবেক সিনিয়র সাংবাদিক নিজামুল হক, উন্নয়ন সাংবাদিকতায় দ্য নিউজ টুডের সিনিয়র সাংবাদিক মাযহারুল ইসলাম, নারী সাংবাদিকতায় দ্য ডেইলি অবজারভার–এর বনানী মল্লিক ও ফটোসাংবাদিকতায় বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকার মো. সাজ্জাদ হোসেনের হাতে পদক তুলে দেন অতিথিরা।