মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার নিন্দা
রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি।
গতকাল রোববার পৃথক বিবৃতি ও সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন দল ও সংগঠনের নেতারা এ প্রতিক্রিয়া জানান। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানান তাঁরা।
কুমিল্লা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ওই ঘটনার পর বেলা পৌনে একটার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রাম এলাকায় দুর্গতদের সহায়তা ও তাঁদের উদ্ধারের ব্যর্থতা আড়াল করতেই বিএনপির মহাসচিবের ওপর হামলা চালিয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক বিবৃতিতে বলেছে, এ ধরনের হামলা কখনোই কারও জন্য ভালো ফল বয়ে আনবে না।
শত নাগরিক জাতীয় কমিটি এক বিবৃতিতে বলেছে, এটি গণতন্ত্র ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। বিবৃতিদাতা অন্যদের মধ্যে আছেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, আনোয়ার উল্লাহ চৌধুরী, ডা. জাফরুল্লাহ, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মাহফুজ শিকদার ও ড. ওয়াকিল আহমেদ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এক যৌথ বিবৃতিতে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিবৃতিতে বলেছেন, সারা দেশ যখন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিক্ষায় প্রহর গুনছে, তখন এ ধরনের হামলা গণতন্ত্রপ্রত্যাশী মানুষকে শঙ্কিত করে তোলে। হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।