মির্জাপুরে ছাত্রদলের কমিটিতে বিবাহিত ও অছাত্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে বিবাহিত আর অছাত্র দিয়ে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর গঠন হওয়া এই কমিটি নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ছাড়াও উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে জানা গেছে।
কমিটি সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৫ অক্টোবর আজাহার মিয়াকে সভাপতি ও এস এম মহসীনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। আজাহার মিয়া ২০০৯ সালের শেষের দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ায় সিনিয়র সহসভাপতি ফরিদ মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এরপর থেকে ফরিদ মিয়া ও সাধারণ সম্পাদক এস এম মহসীনের পক্ষ ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীসহ বিভিন্ন কর্মসূচি আলাদাভাবে পালন করে। সে জন্য ২০১২ সালের ৫ জানুয়ারি উপজেলা ছাত্রদল ছাড়াও মির্জাপুর পৌরসভা ও মির্জাপুর কলেজ ছাত্রদলের কমিটি স্থগিত ঘোষণা করা হয়। এরপর দুই বছর নয় মাস কমিটি ছাড়াই চলে ছাত্রদলের কর্মকাণ্ড। ৫ সেপ্টেম্বর ফরিদ মিয়াকে সভাপতি ও সাইদুর রহমাকে সাধারণ সম্পাদক করে ১৪১ সদস্যের কমিটি গঠিত হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকা দুজনের কারও ছাত্রত্ব নেই বলে জানা গেছে। এঁদের মধ্যে ফরিদ মিয়া ’৯২ সালে এসএসসি পাস করেন। আর এক সন্তানের বাবা সাইদুর রহমান ’৯৫ সালে এসএসসি পাসের পর ঢাকায় চলে যান। ২০০৭ সালে জাপানে পাড়ি জমান। তিন বছর পর দেশে ফিরে তিনি বিয়ে করেন। এরপর ব্যবসা শুরু করেন।
নতুন কমিটিতে যাঁদের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে তাঁদের অধিকাংশের ছাত্রত্ব নেই ও বিবাহিত বলে খোঁজ নিয়ে জানা গেছে। অছাত্র আর বিবাহিতদের দিয়ে কমিটি গঠন করায় উপজেলা ছাত্রদল ছাড়াও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নতুন কমিটির সহসভাপতি আলম মৃধা বলেন, ‘আমরা চেয়েছিলাম যাঁদের ছাত্রত্ব রয়েছে তাঁদের নিয়েই ছাত্রদলের কমিটি হবে। কিন্তু নতুন কমিটিতে আমার ইচ্ছার বিরুদ্ধে পদ দেওয়া হয়েছে। এতে ছাত্রদলের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা বোধগম্য নয়।’
উপজেলা ছাত্রদলের কমিটিতে অছাত্র ও বিবাহিতরা স্থান পাওয়ায় মির্জাপুর পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়েও নানা জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা বলেন, কমিটি গঠনের আগে স্থানীয় সব পর্যায়ের নেতা-কর্মীদের মতামত নেওয়ার কথা থাকলেও তা হয়নি।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, উপজেলা পর্যায়ে ছাত্রদলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে দ্রুততম সময়ের মধ্যে পুনরায় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে।