মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী

টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পরদিন গতকাল শুক্রবার সকালেই মিষ্টি নিয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাসায় যান সেলিনা হায়াৎ আইভী। নগরীর খানপুরের বাড়িতে তাঁকে স্বাগত জানান সাখাওয়াত। এ সময় আইভী নগরের উন্নয়নে সাখাওয়াতের সহযোগিতা চান। সাখাওয়াতও সহযোগিতার আশ্বাস দেন।
পরে আইভী সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দুই পারের মানুষের প্রাণের দাবি শীতলক্ষ্যা সেতুর দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, ‘উনি (সাখাওয়াত) ভবিষ্যৎ পরিকল্পনার যে ইশতেহার দিয়েছেন, আমি আগেই বলেছিলাম ওনার ইশতেহার থেকে আমি নেব। আমার পক্ষে যেটা করা সম্ভব আমি করব। ওনার সহযোগিতা অবশ্যই নেব। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার চেষ্টা করব।’
আইভী বলেন, শহরের উন্নয়নে তিনি তাঁর অসমাপ্ত কাজগুলো শেষ করার পাশাপাশি নতুন কিছু কাজ শুরু করবেন। শীতলক্ষ্যা সেতু, খালগুলোর উন্নয়ন, সবুজায়ন, মাঠ করা, সন্ত্রাস, মাদক দূর করার লক্ষ্যে তিনি কাজ করবেন। নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে আইভী বলেন, এই নির্বাচনে পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য প্রার্থীরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীও বাড়াবাড়ি করেনি। তবে গণমাধ্যম অনেক খোঁচাখুঁচি করার চেষ্টা করেছে। কিন্তু পরিবেশ অত্যন্ত শান্ত ছিল।
সাখাওয়াত মেয়র হিসেবে আইভীর সফলতা কামনা করে বলেন, মাদকের শহর, সন্ত্রাসের শহর হিসেবে এই শহরের দুর্নাম থেকে যাতে নারায়ণগঞ্জ রক্ষা পায়। সেটা তিনি আইভীর কাছ থেকে আশা করেন।
নির্বাচনের ফল মানছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, ‘ফলাফল তো না মেনে নেওয়ার সুযোগ নেই। আমি যদি বলি ফলাফল মেনে নিলাম না, তাতে কিছু আসে যায় না। সুতরাং যে বিষয়টির সুযোগই নেই, সেই বিষয়ে প্রশ্ন করার সুযোগ নেই।’