মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা

অবিলম্বে সহিংসতা বন্ধ করে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে বেশ কিছু পদক্ষেপ নিতে বলেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন সিনেটের এক যৌথ প্রস্তাবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত দলকে মিয়ানমারে যাওয়ার অনুমতি দিতে এবং আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে বলা হয়।
এ ছাড়া মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চিকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি রাখাইনে সহিংসতার জন্য অভিযুক্তরা সরকার বা সেনাবাহিনী—যার সঙ্গেই জড়িত থাকুক না কেন, তাদের বিচার করতে বলেন।
বাংলাদেশের সাবেক ও বর্তমান কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, চলমান রোহিঙ্গা সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্র একধরনের শক্ত বার্তা দিয়েছে মিয়ানমারকে। এবার শুধু রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া বা রাখাইনে রাখতে নিরাপদ পরিবেশের কথা বলেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল থেমে থাকেনি; বরং রোহিঙ্গা সমস্যার মূল উৎস নাগরিকত্বের ওপরও জোর দিয়েছে। মার্কিন এই অবস্থান বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে গতিশীল যোগাযোগের মাধ্যমে সমর্থন আদায়ের ক্ষেত্র তৈরি করেছে বলে মত দিয়েছেন তাঁরা।
জাতিসংঘের তদন্ত দলকে কাজ করতে দেওয়া, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং রাখাইনে সহিংসতায় যুক্ত লোকজনের বিচার—এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই তিন ক্ষেত্রেই মিয়ানমার এ পর্যন্ত সবকিছু উপেক্ষা করে চলেছে। বিশেষ করে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন আর রাখাইনে অক্টোবরের হত্যাযজ্ঞের তদন্ত সামনে এনেছেন মার্কিন রাজনীতিকেরা।
রাখাইনে দুই সপ্তাহ ধরে সহিংসতা চলতে থাকায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ ধীরে ধীরে বাড়ছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী মারি ক্লদ বিবু গতকাল এক বিবৃতিতে গভীর নিন্দা জানিয়েছেন। রাখাইনের নিরপরাধ লোকজনের ওপর সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি তাদের জন্য ২০ মিলিয়ন ডেনিশ ক্রোনার দেওয়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী উলা টোরনাস। আর রাখাইন থেকে প্রাণ বাঁচাতে আসা রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় নিশ্চিত করার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। ইরান বলেছে, রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাতে তারা প্রস্তুত আছে।
এদিকে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন ও দেশ থেকে বিতাড়নের প্রতিবাদে গতকাল বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে পবিত্র জুমার নামাজের পর বিক্ষোভ হয়। অনেক দেশে এসব বিক্ষোভের লক্ষ্য ছিল সেখানে মিয়ানমারের দূতাবাস। ভারতের চেন্নাই ও অমৃতসর, আফগানিস্তানের কাবুল, ইরানের তেহরান, ফিলিপাইনের ম্যানিলা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ইন্দোনেশিয়ার জাকার্তা ও জাপানের টোকিওতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে বলে খবর পাওয়া গেছে।
রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রাখাইনের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বিপুল সংখ্যায় বাংলাদেশে চলে আসায় সীমান্তবর্তী এলাকায় নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে খাবারসহ অন্যান্য মানবিক সহায়তা দেওয়ার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এরই মধ্যে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছে। তারা বিষয়টি সমাধানের ওপর জোর দিচ্ছে।
পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ আশা করে, মিয়ানমারের নাগরিকেরা শিগগির তাদের দেশে ফিরে যাবে। এক দেশের নাগরিক অন্য দেশে থাকাটা যে সম্মানজনক নয়, তা মিয়ানমারকে বুঝতে হবে।

জাতিগত নিধনের উপাদান আছে: এইচআরডব্লিউ
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল বলেছে, রাখাইনে নিরাপত্তা বাহিনীর হাত থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশ পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া হত্যা, শেল নিক্ষেপ ও তাদের গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনার বর্ণনায় ‘জাতিগত নিধনের’ সব উপাদানই আছে। মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লায়েং সে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন, রাখাইন রাজ্যে সরকার অনুমোদিত সামরিক অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়কালের ‘অসমাপ্ত কাজ’।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত জরুরি সভা ডেকে মিয়ানমারকে বলে দেওয়া যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে নৃশংস নিপীড়ন বন্ধ না হলে দেশটি চরম নিষেধাজ্ঞার মুখে পড়বে।
সিনেটের প্রস্তাব ও কংগ্রেসের চিঠি
রাখাইনের ঘটনার নিন্দা জানিয়ে গতকাল মার্কিন সিনেটে যৌথভাবে প্রস্তাব পেশ করেন ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন ও রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। প্রভাবশালী ডেমোক্র্যাট ডিক ডারবিনের ওয়েবসাইট থেকে গতকাল জানা যায়, ডারবিন-ম্যাককেইনের ওই প্রস্তাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানানো হয়েছে। ওই প্রস্তাবে মানবিক বিপর্যয় বন্ধে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে গণতন্ত্র ও মানবাধিকারের আদর্শের প্রতি তাঁর ঐতিহাসিক ভূমিকা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন সিনেটরদের প্রস্তাবে জঙ্গিগোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি আর্মির হামলার নিন্দা জানানো হয়। এ ছাড়া মিয়ানমারবিষয়ক জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলকে বাধা না দিয়ে কাজ করার সুযোগ দিতে বলা হয়েছে। গৃহহারা ও আহত ব্যক্তিদের সহায়তা করাসহ সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণে মানবিক সহায়তা সংস্থাগুলোকে আবারও কাজ শুরু করতে বলা হয় ওই প্রস্তাবে।
মার্কিন সিনেটের প্রস্তাবে রোহিঙ্গাদের চলাফেরার ওপর বিধিনিষেধ তুলে নেওয়া, তাদের নাগরিকত্ব দেওয়াসহ আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গাদের নিয়ে মার্কিন সিনেটে উত্থাপিত প্রস্তাবটিতে সমর্থন দেন ডেমোক্র্যাট সিনেটর ডিয়ান ফেইনস্টেইন, করি বুকার ও বব মেনেনডেজ।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যে কতটা উদ্বিগ্ন, সেটা মার্কিন কংগ্রেস ও সিনেটের পদক্ষেপে স্পষ্ট। যুক্তরাষ্ট্রের শক্ত বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে সহায়ক হবে। এই পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের যুক্তি জোরালো হবে।
হুমায়ুন কবিরের মতে, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন আর জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত দলকে প্রবেশের কথা উল্লেখ করে মিয়ানমারকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন দেখতে হবে, আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের এই অবস্থানে মিয়ানমার কী প্রতিক্রিয়া দেখায়। মিয়ানমারের পরবর্তী উদ্যোগগুলো সমস্যা সমাধানে দেশটির সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটাবে।
মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েসের ওয়েবসাইটে গতকাল জানানো হয়েছে, তিনি ৫ সেপ্টেম্বর অং সান সু চিকে চিঠি লিখেছেন। চিঠিতে এড রয়েস লিখেছেন, জাতিগত কিংবা ধর্মীয় বিশ্বাস যা-ই হোক না কেন, মিয়ানমারের সব নাগরিকের সুরক্ষা দেওয়া আপনার সরকার ও সেনাবাহিনীর দায়িত্ব। সংখ্যালঘুদের বিরুদ্ধে সাম্প্রতিক এবং সবচেয়ে নৃশংসতম ও ভয়াবহ ওই সব তৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে। ওই সব ঘটনায় জড়িতরা সরকার কিংবা সেনাবাহিনী—যার সঙ্গেই জড়িত থাকুক না কেন, তাদের বিচার করতে হবে।
সু চিকে লেখা চিঠিতে এড রয়েস বলেন, ‘আমি আপনার সরকার ও সেনাবাহিনীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। রাখাইনে নিরবচ্ছিন্নভাবে মানবিক সহায়তা ও সাংবাদিকদের চলাফেরার সুযোগ নিশ্চিত করার অনুরোধ করছি।’
রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন কংগ্রেস ও সিনেটের জোরালো অবস্থান সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এবার কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টিই শুধু তুলছে না, আনান কমিশনের সুপারিশ ধরে নাগরিকত্বের বিষয়টি বড় করে সামনে এনেছে। তা ছাড়া এত দিন পর্যন্ত আমরা প্রতিবেশী ভারত আর চীনকে এ সমস্যা সমাধানে পাশে পাচ্ছিলাম না। মার্কিন রাজনৈতিক মহলের এই অবস্থানের পর তাদের সমর্থন পাওয়া আমাদের জন্য সহজ হতে পারে।’
ইমতিয়াজ আহমেদের মতে, রোহিঙ্গাদের সমস্যা সুরাহার জন্য কিছু দেশ বাংলাদেশকে জোরালোভাবে সমর্থন করবে। কাজেই এ মুহূর্তে আরও গতিশীল কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বাংলাদেশের জন্য বড় বোঝা
রাখাইন রাজ্যে নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে পড়েছে, তার স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা।
ওয়াশিংটনে বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নোয়ার্ট মিয়ানমারের সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি জানি, অন্য যেকোনো দেশের মতোই, শরণার্থীদের বহন করা বাংলাদেশের জন্য কঠিন পরিস্থিতি।’
এ পর্যন্ত পৌঁছেছে ২ লাখ ৭০ হাজার
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র দনিয়া আসলাম খান গতকাল জেনেভায় এক ব্রিফিংয়ে জানিয়েছেন, বাংলাদেশে শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো ধারণক্ষমতা নেই। তাই হাজার হাজার রোহিঙ্গা অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। মিয়ানমার থেকে সহিংসতার ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এর মূল সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, গত দুই সপ্তাহে ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।