মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর তাগিদ রওশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি: জাতীয় সংসদ
শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি: জাতীয় সংসদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, মিয়ানমারের শাসনক্ষমতার নিয়ন্ত্রক সামরিক বাহিনীকে সামাল দিতে শুধু প্রতিবাদ করলে হবে না, দেশটির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ বাড়াতে হবে।

আজ সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় রওশন এরশাদ এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক সমস্যায় জর্জরিত। এখানে বেকার সমস্যা এবং কিছুটা খাদ্যঘাটতিও আছে। তার ওপর শরণার্থীর চাপ দেশের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এ সময় তিনি দেশের বিত্তবান ব্যক্তিদের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

রওশন এরশাদ আরও বলেন, কফি আনান কমিশন যে সুপারিশ করেছে, তা মিয়ানমারকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে দীর্ঘদিন থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এবং নতুন করে আসা রোহিঙ্গাদের মিয়ানমারকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কারণ, এ সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে। এ সমস্যার সমাধানও মিয়ানমারকেই করতে হবে। তিনি বলেন, মিয়ানমারের শান্তি, স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা করে। মিয়ানমারের জাতীয় ঐক্যের স্বার্থেই এ ভুল পথ থেকে তাদের সরে আসা উচিত।

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, সাংসদ কাজী ফিরোজ রশীদ, সাংসদ ফখরুল ইমাম, বিরোধীদলীয় হুইপ সাংসদ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।