মিয়ানমারের কাছ থেকে গণতন্ত্র উপলব্ধির আহ্বান বিএনপির
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, মিয়ানমারের সামরিক জান্তা থেন সেইনের মতো বাংলাদেশের ক্ষমতাসীন সরকারও উপলব্ধি করবে গণতন্ত্রই হচ্ছে সব সংকট থেকে মুক্তির একমাত্র পথ। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘মিয়ানমারের অভিজ্ঞতা থেকে আমরা আশা করি, আমাদের দেশেও একটি নির্বাচন হবে এবং গণতন্ত্র মুক্তি পাবে।’
বিএনপির মুখপাত্র আরও বলেন, ‘কয়েক মাস আগ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব ছিল—অং সান সু চি জিতবেন, নাকি সামরিক জান্তা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকবেন। একুশ শতকের রাজনীতি, গণতান্ত্রিক বাস্তবতা এবং পৃথিবীর নতুন পরিপ্রেক্ষিতে সামরিক জান্তা উপলব্ধি করেছেন, সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া উচিত এবং জনগণের মনের প্রতিফলন থাকা উচিত। আমরা আশা করতে চাই, মিয়ানমারের নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমাদের সরকারও সেটা উপলব্ধি করবেন।’
তিনি বলেন, সারা দেশে অব্যাহত গণগ্রেপ্তারের প্রতিবাদে এ সম্মেলন ডাকা হয়েছে।
বিএনপির এ নেতা দাবি করেন, গত কয়েক দিনে দলের তিন হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আসন্ন পৌরসভা নির্বাচন ও দলের জাতীয় কাউন্সিল সামনে রেখে যৌথবাহিনী এ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। পুলিশের কিছু অসৎ সদস্য গ্রেপ্তার বাণিজ্যে জড়িয়ে পড়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
অন্যান্যের মধ্যে দলের দুই সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীন এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।