মীর কাসেমের ছেলের জন্য জামায়াতের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মীর কাসেম আলীর ছোট ছেলে মীর আহমাদ বিন কাসেম আরমানকে ‘তুলে নেওয়ার’ প্রতিবাদ এবং তাঁর মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে দাবি করা হয়, মীর আহমাদ বিন কাসেমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একদল লোক ৯ আগস্ট রাত ১১টার পর তাঁর বাসা থেকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাঁকে আদালতে হাজির করা হয়নি কিংবা তাঁর কোনো সন্ধান দেওয়া হয়নি। তাঁকে গ্রেপ্তারের কথাও স্বীকার করা হচ্ছে না। এ অবস্থায় মীর কাসেমের ছেলের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছে জামায়াত।